ব্লগার অভিজিৎ খুন, স্ত্রী গুরুতর আহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ১১:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৭ পূর্বাহ্ণ

blogarঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর এলাকার বটতলায় বইমেলায় প্রবেশের নিরাপত্তা ফটকের সামনে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন ‘মুক্তমনা’ ব্লগের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালেয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ রায় (৪২)।

এ ঘটনায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও (৩৫) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বইমেলা থেকে বের হওয়ার পথেই তিনি সস্ত্রীক হামলার শিকার হন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিজিৎ এর  মাথায় গুরুতর আঘাত লাগে।পরে রাত ১০টা ২৫ মিনিটে মারা যান তিনি। তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে প্রবেশপথের কাছে রাজুভস্কর্যের দিকে বটগাছের তলায় এ হামলার ঘটনা ঘটে। কয়েকজন যুবক তাদের চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। এসময় তারা দাঁড় করিয়ে রাখা একটি মোটরসাইকেলের উপর পরে যান। দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় ওই মোটরসাইকেলের নাম্বারপ্লেটটিও খুলে নিয়ে গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, অভিজিৎ রায় বিদেশ থাকা অবস্থায় মুক্তমনা নামে একটি ব্লগে লেখালেখি করতেন। তিনি যুক্তরাষ্ট্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন।

কর্তব্যরত চিকিৎসক সোহেল আহমেদ জানান, মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে অভিজিৎ (৪২) মারা যান। রাফিদার (৩৫) মাথায় চাপাতির চারটি আঘাত লেগেছে। তাঁর বাঁ হাতের বৃদ্ধাঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে, ঢামেক হাসপাতালে ভর্তির পর রাফিদা জানান, তারা এক সপ্তাহ আগে আমেরিকা থেকে ঢাকায় বেড়াতে এসে এক আত্মীয়ের বাসায় ওঠেন। বৃহস্পতিবার বইমেলায় ঘোরা শেষে রাত ৯ টার দিকে টিএসসিতে পৌঁছলে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর জখম হন।

তবে কে বা করা কী কারণে এ হামলা চালিয়েছে তা কিছুই তিনি জানাতে পারেননি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, হামলার কোনো কারণ জানা যায়নি এবং জড়িতদেরও চিহ্নিত করা যায়নি। তবে হামলাকারীদের খুঁজে বের করতে পুলিশ চেষ্টা করছে।

উল্লেখ, অভিজিৎ রায় যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। এবার একুশের বইমেলায় তার দুটি বই প্রকাশ হওয়ার কারণেই তিনি দেশে ফিরেছেন। ধর্ম নিয়ে লেখালেখির কারণে এর আগে বেশ কয়েকবার তাকে মৌলবাদীরা প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া মৌলবাদীদের হুমকির মুখে অনলাইন বুকশপ রকমারিও তার বই ‘বিশ্বাসের ভাইরাস’ প্রত্যাহার করে নেয়।

প্রায় এক দশক আগে ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি একইভাবে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন লেখক হুমায়ুন আজাদ। আর ২৬ ফেব্রুয়ারি খুন হলেন অভিজিৎ রায়। এর আগে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে একই কায়দায় খুন হন ব্লগার আহমেদ রাজীব হায়দার।

প্রতিক্ষণ /এডি/আরিফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G