জামায়াতের হরতাল চলছে
নিজস্ব প্রতিবেদক:
কামারুজ্জামানের ফাঁসির দন্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী চলছে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল।
সোমবার ঢাকা মহানগর জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গল (০৭ এপ্রিল) ও বুধবার (০৮ এপ্রিল) হরতাল পালনে দেশবাসীকে আহ্বান জানান।
এদিকে জামায়াতের ডাকা হরতাল সমর্থনে সিলেট এবং দিনাজপুরে ঝটিকা মিছিল বের করেছে দলের নেতাকর্মীরা।
সোমবার (০৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের রাণীর বন্দর এলাকায় ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মোট চারটি মোটরসাইকেলে জামায়াত-শিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করে। এসময় তারা রাস্তায় আগুন জ্বালায়, ৩ থেকে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং কুমারপাড়া পয়েন্টে একটি মাইক্রোবাস ও দুটি সিএনজি চালিত অটোরিকসা ভাঙচুর করে।
হরতালে নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোর থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবন, সচিবালয়, আদালতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পুলিশের অবস্থান দেখা যায়।
এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সারাদেশে মাঠে নেমেছে র্যাব, বিজিবি এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ।


















