এবারও বৈশাখের রাজা ইলিশ
নিজস্ব প্রতিবেদক
বাংলা নববর্ষ বরণে সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে সব আয়োজনের মাঝে পান্তা-ইলিশ যেন হয়ে উঠেছে বৈশাখ বরণের অপরিহার্য অংশ।
তাই বৈশাখ এলেই চারদিকে ইলিশ কেনার ধুম পরে যায়। আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ে এর দামও। এইবারেও বৈশাখের আগ থেকেই লাফিয়ে-লাফিয়ে বাড়তে শুরু করেছে ইলিশের দাম।
ঢাকার বাজার গুলোতে স্থানভেদে প্রতি হালি মাঝারি সাইজের ইলিশের দাম চাওয়া হচ্ছে ৫ থেকে ৮ হাজার টাকা। আবার এক কেজির বেশি হলে হালি প্রতি ক্রেতাদের গুনতে হচ্ছে প্রায় ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা। তবে ৫০০ গ্রামের নিচে হলে হালি প্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা দাম হাঁকা হচ্ছে।
রাজধানীর সুপারশপগুলোতে মাঝারি আকারের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ থেকে দেড় হাজার টাকায়।
এদিকে শুধু রাজধানী নয় বৈশাখকে কেন্দ্র করে সারা দেশেই ইলিশের দাম বাড়তে শুরু করেছে। এছাড়া আমদানি কম থাকায় চলছে হাহাকার।
প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখ উপলক্ষ্যে বরিশালের বাজারে ইলিশের দাম স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বেড়েছে।
ইলিশের রাজধানী হিসেবে খ্যাত পদ্মা-মেঘনাপারের জেলা চাঁদপুর এখন প্রায় ইলিশশূন্য। জাটকা রক্ষা কার্যক্রমের কারণে নদীতে ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে মিলছে না ইলিশ। একই সঙ্গে এ জেলার হিমাগারগুলোতেও নেই ইলিশের পর্যাপ্ত মজুত। আর এই সংকটের কারণে পয়লা বৈশাখের আগেই ইলিশের দাম বেড়ে গেছে কয়েকগুণ।
বর্তমানে ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের হিমায়িত ইলিশ ১৫০০-১৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর নদীর তাজা ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ৩ হাজার টাকা কেজি দরে। ক্রেতারা বলছেন মাছের রাজা ইলিশ এখন দামের রাজায় পরিণত হয়েছে।
প্রতিক্ষণ/এডি/তপু


















