চলচ্চিত্রে শিক্ষিত লোকের অভাব

প্রকাশঃ জুন ২৫, ২০১৫ সময়ঃ ১২:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

photo-1435144674বাংলাদেশের জনপ্রিয় নায়ক রিয়াজ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তবে চলচ্চিত্রে এখন আর তাঁকে দেখা যায় না। বরং বিভিন্ন নাটক বা টেলিফিল্মে কাজ করছেন নিয়মিত। এবার ঈদেও তিনি কাজ করছেন একাধিক নাটক ও টেলিছবিতে। কিন্তু তিনি ছবিতে কাজ করছেন না কেন? এই প্রশ্নের উত্তরসহ আরো নানা বিষয়েই তিনি কথা বলেন।

প্রশ্ন : চলচ্চিত্রে এখন কাজ করছেন না কেন?

রিয়াজ : আমার কাছে আসলে ভালো কোনো ছবি আসছে না। অনেকদিন ছবি করি না। তাই এখন কোনো ছবিতে অভিনয় করলে, দেখেশুনেই করতে চাই। আমাকে দেখে দর্শক হলে গেল, তারপর তারা প্রতারিত হলো- তেমনটা চাইছি না। যে ছবিতে দর্শকদের জন্য কিছু থাকবে- তেমন ছবিতেই কাজ করব। বর্তমানে যে ধরনের গল্পে ছবি হচ্ছে তেমন ধরনের ছবিতে কাজ করতে চাই না।

প্রশ্ন : তাহলে কি বলতে চাচ্ছেন এখন ভালো ছবি হচ্ছে না? যদি সেটা হয়, তাহলে কেন হচ্ছে না?

রিয়াজ : ভালো কাজের জন্য শিক্ষিত লোক দরকার। এখানে শিক্ষিত লোকের খুব অভাব আছে। তারপর এখানে সবাই ব্যবসা করতে আসছে। সবাই ভাবে এখানে কাঁচা টাকা, একজন প্রযোজক মনে করে ১৬ কোটি মানুষ এক টাকা করে দিলেই ১৬ কোটি টাকা হয়ে যায়। অভিনেতারা মনে করেন, একটি কাজ করলেই অনেক টাকা পাওয়া যায়। কম সময়ে অনেক টাকা কামাতে চাইছে সবাই। আবার একটি প্রতিষ্ঠান পুরো চলচ্চিত্রকে নিয়ন্ত্রণ করছে। সবাই আসলে টাকার পেছনে ছুটছে, ভালো কাজ তো কেউ করতে চাচ্ছে না। ভালো কাজ হবে কীভাবে? আসলে ভালো কিছু ছবি না হলে আমাদের উঠে আসার পথ নেই।

প্রশ্ন : ভালো ছবি করার উপায় কী?

রিয়াজ : ভালো একটি গল্প লাগবে, ভালো পরিচালক, ভালো ক্যামেরাম্যান, ভালো অভিনেতা লাগবে। এখন যে ছবিগুলো হচ্ছে সেগুলো আমাদের ছবি না, আমাদের গল্প না। এগুলো বিজাতীয় গল্প, তাও আমরা শুধু গল্পের তলানিগুলো নিচ্ছি, ক্রিমটাও নিতে পারছি না। যে কারণে কিছুই  হচ্ছে না। শিল্পী আসছে অল্প সময়ে কাজ শেষ করে চলে যাচ্ছে, অভিনয় করছে, ক্যামেরার কোনো ভাষা নেই, লাইট ঠিক নেই , অল্প সময়ের মধ্যে কাজ শেষ করে কোনোভাবে জোড়াতালি দিয়ে কাজ শেষ করছে। ভালো কাজ না করলে ভালো ছবি হবে কি করে? যে কারণে কিছু ছবি হচ্ছে, কেউ দেখছে, কেউ দেখছে না।

প্রশ্ন : নতুন যারা কাজ করছেন তাদের সম্পর্কে আপনার মূল্যায়ন কী?Riaz_at_Banani_top_of_the_own_flat_bldg._2

রিয়াজ : নতুনদের আমার কাছে দুর্ভাগা মনে হয়। যারা কাজ করছেন দু-একজন ছাড়া বাকিদের ঠিক নায়ক মনে হচ্ছে না। হিরো হওয়ার আগেই হয় তো নায়ক হয়ে গেছেন। ফেসবুকে স্টার হচ্ছেন,শুটিং শুরু হলেই ভাব নিয়ে নিচ্ছেন। তাদের মধ্যে অভিনেতা হওয়ার ইচ্ছা আছে কি না, সেটা নিয়েই সন্দেহ হয়। আর একটি ছবি হিট হলে তো কথাই নেই। আসলে এখানেও শিক্ষিত ছেলেমেয়ে দরকার। নায়ক যদি কমপক্ষে ডিগ্রি পাস আর নায়িকা যদি ইন্টারমিডিয়েট পাস হয় তাদের শেখানো যায়। আসলে চলচ্চিত্রে এখন এত সমস্যা যে, বলতেও লজ্জা করে।

প্রশ্ন : কিন্তু আপনারা কেউ তো ভালো ছবি বানানোর উদ্যোগ নিচ্ছেন না?

রিয়াজ : এটা ঠিক, ভালো কাজ করার পরিবেশ নেই এই দেশে। কারণ আমি একটি ছবি বানালে সেটা চালাতে পারব না। কারণ সিনেমা হলে ছবি চলে কিছু লোকের ইচ্ছায়। এরপরও আমি দুটি গল্প নিয়ে কাজ করছি, হয়তো খুব তাড়াতাড়ি ঘোষণা দিয়ে মাঠে নামতে পারব। বাংলাদেশের গল্প নিয়ে ছবি বানাতে চাই। কারণ অনেকদিন দর্শক আমাদের দেশের ছবি দেখে না।

প্রশ্ন : এই ছবিতে আপনি কী হিসেবে কাজ করবেন?

রিয়াজ : গল্পের প্রযোজনে সব করব। প্রযোজনা করব, পরিচালনাও করতে পারি, আর গল্পের প্রয়োজনে ক্যামেরার সামনেও আসতে পারি। তবে ভালো একটি গল্প নিয়ে কাজ করতে চাই। কী হিসেবে কাজ করব- এটা বিষয় নয়। ভালো একটা ছবি বানাতে চাই সেটাই লক্ষ্য।

প্রশ্ন : ভালো ছবি হচ্ছে না বলে ছবি করছেন না, আবার নাটকে কাজ করছেন তাহলে কি ভালো নাটক হচ্ছে?

রিয়াজ : আসলে আমরা ভারতীয় নাটক দেখে আমাদের সামাজিকতাও ভুলে যাচ্ছি। আমাদের সমাজে ডিভোর্স খুব সহজ হয়ে যাচ্ছে। পরকীয়া ফ্যাশন হয়ে গেছে। একাধিক মানুষের সাথে সম্পর্ক থাকতে হবে- এই বিষয়টি যেন আমাদের ফ্যাশনে পরিণত হয়েছে। ভারতীয় টিভি চ্যানেলের কল্যাণেই এসব ঘটছে। আমি নাটকের মাধ্যমে এর প্রতিবাদ করি। এখন অনেক ভালো নাটক হচ্ছে, যে গল্পে আমাদের পরিবার,আমাদের বন্ধন, আমাদের সম্পর্ককে তুলে ধরা হচ্ছে। এ ধরনের গল্প পেলেই আমি কাজ করি, এতে অভিনয়ের তৃষ্ণা মেটে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G