বাগেরহাটের আবদুল লতিফের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি বাগেরহাটের আবদুল লতিফ তালুকদার ইন্তেকাল করেছেন। সোমবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জাকারিয়া আলম জানান, রাত ৩টার দিকে আবদুল লতিফের মৃত্যু হয়। তিনি ঢামেক হাসপাতালের ৬০২নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
তিনি আরও জানান, গত ২৩ জুলাই আবদুল লতিফ তালুকদার কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি খুলনার শোলাকোলা গ্রামে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের কচুয়া উপজেলার শাখারিকাঠি বাজারে ৪২ জনকে হত্যার দায়ে অভিযুক্ত আব্দুল লতিফ তালুকদার। যুদ্ধের সময় লুট ও অগ্নিসংযোগেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
২০১৪ সালে জুনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাকে গ্রেপ্তার করা হয়।
গত ২৩ জুন আব্দুল লতিফের বিরুদ্ধে অভিযোগের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় অপেক্ষমাণ রাখেন। যে কোন দিন এই মামলার রায় ঘোষণা করা হবে।
প্রতিক্ষণ/ডেস্ক/সজল


















