উপ-নির্বাচনে লড়বেন কাদের সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক
বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকীর আসন থেকে উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। আজ শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
কাদের সিদ্দিকী বলেন, আমার জন্মস্থান টাঙ্গাইল-৪ (কালিহাতী)। এই আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ অংশ নেবে।
এই আসনে থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী। এরপর নির্বাচন কমিশন গত ৬ সেপ্টেম্বর টাঙ্গাইল-৪ আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে। অবশ্য এখন পর্যন্ত নির্বাচন কমিশন উপনির্বাচনের তারিখ ঘোষণা করেনি।
এর আগে ১ সেপ্টেম্বর জাতীয় সংসদসের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন ইসলাম সম্পর্কে কটূক্তির অভিযোগে মন্ত্রিত্ব ও দল থেকে বহিষ্কৃত নেতা আবদুল লতিফ সিদ্দিকী। এরপর ২ সেপ্টেম্বর লতিফ সিদ্দিকী সাংবাদিকদের জানান, টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে তিনি অংশ নেবেন না।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ






















