সিজার হত্যার ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশঃ সেপ্টেম্বর ৩০, ২০১৫ সময়ঃ ৮:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

sijarগুলশানের কূটনৈতিক পাড়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত ইতালির নাগরিক সিজার তাভেল্লা হত্যার ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে সহায়তার জন্য গঠন করা হয়েছে আলাদা আরও একটি সহায়ক কমিটি। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম-কমিশনার মো. মনিরুল ইসলাম। তদন্ত কমিটিকে সাহায্যের জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের বাছাই করা দক্ষ ও চৌকস কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয়েছে একটি তদন্ত সহায়তা টিম। সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল হায়দার এই টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

ভারপ্রাপ্ত আইজিপি মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় ভারপ্রাপ্ত আইজিপি বলেন, এ ঘটনাটিকে আমরা একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ইন্টেলিজেন্স সংগ্রহ, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং তদন্তের মাধ্যমে এ ঘটনার রহস্য উদঘাটন নিশ্চিত করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সব পুলিশ ইউনিটকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে। রাজধানীর কূটনৈতিক এলাকায় পুলিশের মোতায়েন বাড়ানো হয়েছে। ফুট ও মোটর সাইকেল পেট্রোল, চেক পোস্ট, তল্লাশি জোরদার করা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বিদেশি সংস্থার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দেশের নানা সংস্থার মধ্যে সহায়তা এবং সমন্বয় বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে।

সভায় ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, ডিআইজি (অপরাধ) মো. হেলাল উদ্দিন বদরী, সিআইডির ডিআইজি মোঃ সাইফুল আলম, ডিআইজি (সিটি এসবি) মোঃ মোশাররফ হোসেন ভূঁঞা, ডিআইজি (রাজনৈতিক) মো. মাহবুবুর রহমান, পিবিআইয়ের ডিআইজি ব্যারিস্টার মো. মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, তাভেল্লা খুনের ঘটনায় মামলা করেছেন তার সহকর্মী হেলেন ভেনদার ভেক। সোমবার রাত সাড়ে ১০টার দিকে গুলশান থানায় তিনি এ মামলাটি (নং-৬৮) করেন।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G