বাংলাদেশের সৌন্দয্য বিশ্ববাসীকে জানাবে ইউএনডব্লিউটিও
প্রতিক্ষণ ডেস্ক
জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএনডব্লিউটিওয়ের মহাসচিব তালিব রিফাই বলেছেন, বাংলাদেশ একটি পর্যটন সম্ভাবনায় ও গুরুত্বপূর্ণ দেশ। যা বিশ্বের কাছে পৌঁছানো গেলে পর্যটকরা বাংলাদেশে ভ্রমণে আসবে। তাই জাতিসংঘের পর্যটন সংস্থার মাধ্যমে বাংলাদেশের এ সৌন্দর্য বিশ্ববাসীকে জানানো হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের বৌদ্ধ প্রত্নতাত্বিক নিদর্শন বিশ্ব ঐতিহ্যের অংশ আর এ থেকে পর্যটন সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হতে পারে।
আন্তর্জাতিক বৌদ্ধিষ্ট পর্যটন সম্মেলনের টেকনিক্যাল ট্যুরের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে রামুর বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ আশাবাদ ব্যক্ত করেন জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএনডব্লিউটিওয়ের মহাসচিব তালিব রিফাই।
বৃহস্পতিবার সকাল ৮টায় রামুর উত্তর মিঠাছড়ির বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে স্থাপিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম গৌতম বুদ্ধের এক শো ফুট সিংহ শয্যা মূর্তি পরিদর্শনে আসে ১৭ সদস্যের প্রতিনিধি দল। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেয়।
এরপর সকাল ৯টায় মহামতি বুদ্ধের স্মুতি বিজড়িত ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে বিশ্বে প্রথমবারের মতো স্থাপিত সম্রাট অশোকের আবক্ষ মূর্তিসহ বিহারের বিভিন্ন দিক পরিদর্শন করেন।
এ সময় তারা বলেন সমুদ্র সৈকত ঘেষা এসব বৌদ্ধ ঐতিহ্য হবে নতুন এক পর্যটন গন্তব্য। সেই সঙ্গে বৌদ্ধ সংস্কৃতি সংরক্ষণের জন্য সরকারকে ধন্যবাদ জানান প্রতিনিধিরা।
ভুটানের পর্যটন ও অর্থনৈতিক বিষয়কমন্ত্রী লেউনফু নরবো ওয়াংচুক বলেন, ‘বৌদ্ধ প্রত্নতাত্বিক নিদর্শন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নয়, এগুলো সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। এগুলোর রক্ষণাবেক্ষণ খুবই জরুরি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ জানাই, এ বৌদ্ধ প্রত্নতাত্বিক নিদর্শন রক্ষণাবেক্ষণ করায়।’
পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘এই প্রতিনিধি দলের সফরের মধ্য দিয়ে প্রমানিত হলো বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা অটুট আছে। আগামী মাসেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় আড়াই হাজার বিদেশি পর্যটক বাংলাদেশে আসছে। ২০১৬ সালের পর্যটন বর্ষে কেন্দ্র করে আগত দেশি-বিদেশি পর্যটকদের সমাদর করার অনুরোধও করেন তিনি।’
রামুর বৌদ্ধ বিহার পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রামু সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রতিনিধি দলটি বিশেষ হেলিকপ্টার যোগে সুন্দরবনের উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।
প্রতিক্ষণ/এডি/বিএ


















