পাল্টা জবাব দেবে পুলিশ
প্রতিক্ষণ ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পুলিশের টহল বা তল্লাশির সময় সন্ত্রাসী হামলা হলে, পুলিশকে সাথে সাথে পাল্টা আক্রমণের নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকার কাছে আশুলিয়ায় তল্লাশি চৌকিতে দুর্বৃত্তের আক্রমণে একজন পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনার প্রেক্ষাপটে টহল বা তল্লাশির সময় পুলিশের সতর্ক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পটভূমিতেই স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেছেন।
সাংবাদিকদের কাছে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করার সময় বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন পুলিশের মধ্যে আতংক সৃষ্টির জন্য গতকাল ঐ হামলা ও হত্যাকান্ড ঘটানো হয় বলে সরকারের ধারণা।
পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন গতকালের হামলার পর তারা এখন অতিরিক্ত সতর্ক হচ্ছেন। আশুলিয়া শিল্প এলাকায় তল্লাশি চৌকিতে কয়েকজন দুষ্কৃতকারীর হামলায় যখন পুলিশের একজন সদস্য নিহত হন তখন সেখানে পাঁচজন পুলিশ সদস্য ছিলেন।
কিন্তু সেই পুলিশ সদস্যরা কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। বরং সহকর্মীকে ফেলে তার নিজেদের রক্ষায় পালিয়েছিলেন, এমনও অভিযোগ উঠেছে।
প্রতিক্ষণ/এডি/বিএ


















