আড়াই বছরেও শুরু হয়নি রানা প্লাজার বিচার
অর্থনীতি ডেস্ক
বাংলাদেশের শিল্প দুর্ঘটনার ইতিহাসে আলোচিত রানা প্লাজা ধসে এক হাজারেরও বেশি শ্রমিক নিহত হবার পর আড়াই বছর পার হলেও শুরু হয়নি বিচার কাজ। আদালতের নির্দেশনা থাকার পরও অভিযুক্ত ৪ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ২টি মন্ত্রণালয় অনুমতি না দেয়ায় বিচার শুরু করা যাচ্ছেনা বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবীর।
তবে, নিজ মন্ত্রণালয়ের অভিযুক্ত কর্মকর্তার বিষয়ে কিছুই জানেন না বলে জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এদিকে, আড়াই বছরেও বিচার শুরু না হওয়ায় ক্ষুব্ধ নিহত শ্রমিকদের স্বজনরা। ভবন নির্মাণে অনিয়ম আর মালিকের চরম লোভের শিকার হয়ে ২০১৩ সালের ২৪ এপ্রিল ধসে পড়ে সাভারের রানা প্লাজা। এতে প্রাণ হারান জীবিকার তাগিদে কাজ করতে আসা নিরীহ শ্রমিকরা। সরকারি হিসেব অনুযায়ী নিহত ১১শ ৩৬জন আর আহত ২ হাজার। তবে, শ্রমিকদের মতে, এ সংখ্যা আরও বেশী।
অঙ্গহানি কিংবা স্বজন হারিয়ে শোকাহত শ্রমিকরা অনিশ্চয়তায় রয়েছেন বিচার পাওয়া নিয়েও। রানা প্লাজা ধসের ঘটনায় শ্রমিক নিহতের পাশাপাশি, ভবন নির্মাণে ত্রুটিসহ অস্ত্র ও মাদক আইনের অভিযোগ এনে মোট ৫টি মামলা করা হয়।
ঘটনার দীর্ঘ দিন পর সিআইডি অভিযোগ পত্র দাখিল করলেও অভিযুক্ত ৪জন সরকারি কর্মকর্তাকে আসামি করার বিষয়ে পাওয়া যায়নি সরকারী অনুমোদন। ঢাকা সিজেএম কোর্টের অতিরিক্ত পিপি আনোয়ার কবির বাবুল বলেন, ‘দুটি তারিখ পার হলেও এই চারজনকে আসামি করার কোন অনুমোদন আমরা পাইনি। যার কারণে এ মামলার বিচার কাজ প্রলম্বিত হয়ে যাচ্ছে।’ সরকারি কর্মকর্তাকে আসামী করার বিষয়ে আদালতের নির্দেশনার বিষয়ে কিছুই জানেন না গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী।
তিনি বলেন, ‘বিষয়টি আমরা জানা ছিল না। এমনটি যদি হয়ে থাকে আমরা অবশ্যই বিষয়টির অনুমোদন করবো। যারা দায়ী তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসা উচিত।’


















