ইরানের জন্য রাশিয়ার উপগ্রহ পর্যবেক্ষণ ব্যবস্থা
রাশিয়া আগামী দুই বছরের মধ্যে ইরানের জন্য মহাকাশে একটি উপগ্রহ পর্যবেক্ষণ ব্যবস্থা পাঠাবে। রুশ স্পেস মনিটরিং সিস্টেমের প্রধান লিওনিদ ম্যাক্রদেঙ্কো বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
লিওনিদ ম্যাক্রদেঙ্কো বলেন, আমরা ইরানের সঙ্গে উপগ্রহ উৎক্ষেপণের ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরের আশা করছি আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে। ২০১৮ সালের শেষ নাগাদ এটি উৎক্ষেপণ করা সম্ভব হবে এ সময়ের মধ্যে চুক্তি সই হলে।
তেহরান ও মস্কোর মধ্যে এ সংক্রান্ত প্রাথমিক আলোচনা হয় ২০১৫ সালের আগস্টে মস্কোয় অনুষ্ঠিত রাশিয়ার ১২তম আন্তর্জাতিক বিমান চলাচলও মহাকাশ বিষয়ক মেলায় । সে সময় একটি উপগ্রহ পর্যবেক্ষণ ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে প্রাথমিক সমঝোতাপত্র সই করে রাশিয়ার তিনটি কোম্পানির সঙ্গে ইরানের গবেষণা প্রতিষ্ঠান ‘বোনিয়ান দানেশ শার্ক’।
এ সমঝোতাপত্রটি সই হয় ফেডারেল স্পেস এজেন্সির পরিচালক ইগোর কোমারভে ও রাশিয়ার উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিনের উপস্থিতিতে । একটি দূর-নিয়ন্ত্রিত উপগ্রহ ব্যবস্থা তৈরিতে সাহায্য করবে রাশিয়ার তিনটি কোম্পানি। এতে ভূপৃষ্ঠ, বায়ুমণ্ডল ও সাগর-মহাসাগরেরসব তথ্য সংগ্রহ করা সম্ভব হবে।
উল্লেখ্য, ইরান গত কয়েক বছরে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বেশ কয়েকটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে।
প্রতিক্ষণ/এডি/শাআ



















