বিএনপি নেতা মিনারের জামিন বাতিল

প্রকাশঃ মার্চ ১৯, ২০১৭ সময়ঃ ১০:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৫ অপরাহ্ণ

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন ওরফে মিনার চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে তার মামলা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

আদালতে মিনার চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ১২ মার্চ শুনানি শেষে আজ আদেশের জন্য দিন ধার্য করেছিলেন আদালত।  এর আগে গত বছরের ২৮ নভেম্বর মিনার চৌধুরীর জামিন স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।

গত বছরের ২৪ নভেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মিনার চৌধুরীকে ছয় মাসের জামিন দেন। পরে এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২০ মে ফেনীর  বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা সাবেক উপজেলা চেয়ারম্যান, স্থানীয় পত্রিকার সম্পাদক ও গাড়িচালকও দগ্ধ হন।

ঐ দিন রাত ১টার দিকে নিহত একরামুল হকের বড় ভাই নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে প্রধান আসামি করে ফেনী সদর থানায় মামলা  করেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G