সিরাজগঞ্জে দুটি ট্রাকে আগুন
বুধবার রাত পৌনে ১টার দিকে সলঙ্গা থানার পাঁচলিয়া বাজারের কাছে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
সলঙ্গা থানার ওসি রেজাউল হক জানান, ঘন কুয়াশার মধ্যে মহাসড়কের দুইপাশ থেকে ৭/৮ জন যুবক উঠে এসে পাশাপাশি চলতে থাকা ট্রাক দুটিতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় দ্রুত গতিতে এলাকা পেরোনোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দুটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এরপর হামলাকারীরা দুই ট্রাকেই আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে আগুনে দুই ট্রাকেরই সামনে অংশ পুড়ে যায়।
একটি ট্রাক রংপুর থেকে মুরগির খাবার নিয়ে ঢাকা আসছিল। অন্যটি সিরাজগঞ্জের তাড়াশের মহিষলুটি থেকে মাছ নিয়ে ঢাকার পথে ছিল।


















