মানুষ কেন কাঁচা মাংস খেতে পারে না! জানলে অবাক হবেন
রাস্তায় পড়ে থাকা পচা মাংস শিয়াল বা কুকুর অনায়াসে খেয়ে নেয়—এটা আমাদের জন্য অস্বাভাবিক মনে হলেও তাদের জন্য একদম স্বাভাবিক ব্যাপার। শকুন তো আরও এক ধাপ এগিয়ে, আধপচা মৃতদেহও নির্বিঘ্নে খেয়ে ফেলে। আবার বাঘ, সিংহ বা নেকড়ের মতো শিকারি প্রাণীরা সারাজীবন কাঁচা মাংস খেয়েই টিকে থাকে। আশ্চর্যের বিষয় হলো, এসব প্রাণীকে এ কারণে হাসপাতালে ছুটতে হয়—এমন ঘটনা প্রায় শোনা যায় না।
অন্যদিকে মানুষ যদি সামান্য কম সেদ্ধ মাংসও খায়, তাহলে পেটের সমস্যা শুরু হতে পারে। কাঁচা মাংস খেলে তো ঝুঁকি আরও বেড়ে যায়—ডায়রিয়া, বমি, জ্বরসহ নানা অসুস্থতা দেখা দিতে পারে। তাহলে প্রশ্ন আসে, এই পার্থক্যটা কোথায়?
প্রথমেই একটা ভুল ধারণা ভাঙা দরকার—মানুষ একেবারেই কাঁচা মাংস খায় না, এমনটা নয়। পৃথিবীর অনেক দেশে কাঁচা বা অল্প রান্না করা মাংস বা মাছ খাওয়ার প্রচলন রয়েছে। যেমন জাপানের সুশি বা সাশিমি, ফ্রান্সের স্টেক টার্টার। তবে এসব খাবার অত্যন্ত নিয়ন্ত্রিত পরিবেশে, কঠোর স্বাস্থ্যবিধি মেনে প্রস্তুত করা হয়। তাই সেখানে ঝুঁকি অনেকটাই কম থাকে।
এখন আসা যাক মূল পার্থক্যে। মাংসাশী প্রাণীদের পাকস্থলী মানুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তাদের পেটে থাকা অ্যাসিডের মাত্রা এতটাই বেশি যে তা কাঁচা মাংসে থাকা অধিকাংশ ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস ও পরজীবীকে ধ্বংস করে দিতে পারে। অনেক শিকারি প্রাণীর পাকস্থলীর pH প্রায় ১-এর কাছাকাছি—যা অত্যন্ত অম্লীয় পরিবেশ।
শকুনের ক্ষেত্রে বিষয়টা আরও চমকপ্রদ। গবেষণায় দেখা গেছে, তাদের শরীরে বিপুল সংখ্যক ব্যাকটেরিয়া থাকলেও পাকস্থলীতে প্রবেশ করার পর সেই সংখ্যা নাটকীয়ভাবে কমে যায়। অর্থাৎ তাদের পেট যেন এক ধরনের প্রাকৃতিক জীবাণুনাশক কেন্দ্র, যেখানে ক্ষতিকর জীবাণু টিকেই থাকতে পারে না।
মানুষের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। আমাদের পাকস্থলীর অ্যাসিড তুলনামূলকভাবে দুর্বল। ফলে কাঁচা মাংসে থাকা সালমোনেলা, ই. কোলাইসহ বিভিন্ন ক্ষতিকর জীবাণু সহজেই আমাদের শরীরে প্রবেশ করে বেঁচে থাকতে পারে এবং সংক্রমণ ঘটায়। এর ফলে পেটের নানা সমস্যা দেখা দেয়, যা অনেক সময় গুরুতরও হতে পারে।
আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আমাদের দাঁত ও চোয়ালের গঠন। শিকারি প্রাণীদের দাঁত ধারালো এবং মাংস ছিঁড়ে খাওয়ার উপযোগী। তাদের চোয়ালও অত্যন্ত শক্তিশালী। কিন্তু মানুষের দাঁত তুলনামূলকভাবে ভোঁতা এবং মিশ্র খাদ্যের জন্য তৈরি। আমরা ফল, শাকসবজি, শস্য ও রান্না করা খাবারের জন্য বেশি উপযোগী। শক্ত, কাঁচা মাংস ছিঁড়ে খাওয়া আমাদের জন্য স্বাভাবিক নয়।
এখানে বিবর্তনের ইতিহাসও বড় ভূমিকা রেখেছে। বিজ্ঞানীদের ধারণা, আদিম মানুষ একসময় কাঁচা মাংস খেত। কিন্তু আগুন ব্যবহারের দক্ষতা অর্জনের পর পরিস্থিতি বদলে যায়। প্রায় কয়েক লাখ বছর আগে মানুষ আগুন জ্বালাতে ও নিয়ন্ত্রণ করতে শেখে। তখন তারা লক্ষ্য করে, রান্না করা মাংস কেবল সুস্বাদুই নয়, চিবানো সহজ এবং দ্রুত হজমযোগ্য।
শুধু মাংস নয়, শাকসবজি ও অন্যান্য খাবার রান্না করার ফলেও সেগুলো নরম ও সহজপাচ্য হয়ে ওঠে। এতে শরীর কম শক্তি ব্যয় করে বেশি পুষ্টি পেতে শুরু করে। ফলে খাবার হজমে কম সময় লাগে এবং বাকি শক্তি শরীরের অন্যান্য কাজে ব্যবহার করা সম্ভব হয়।
গবেষকরা মনে করেন, এই পরিবর্তনের দীর্ঘমেয়াদি প্রভাব ছিল বিশাল। রান্না করা খাবার থেকে বেশি শক্তি পাওয়ার ফলে মানুষের মস্তিষ্কের বিকাশ ঘটেছে। কারণ মানুষের মস্তিষ্ক শরীরের মোট শক্তির বড় একটি অংশ ব্যবহার করে। তাই সহজপাচ্য খাবার আমাদের বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আরেকটি বিষয় হলো রোগপ্রতিরোধ ক্ষমতা। যেসব প্রাণী নিয়মিত কাঁচা বা পচা মাংস খায়, তাদের ইমিউন সিস্টেম সেই অনুযায়ী অভিযোজিত হয়েছে। কিন্তু মানুষের শরীর দীর্ঘদিন ধরে রান্না করা খাবারের সঙ্গে মানিয়ে নিয়েছে। ফলে কাঁচা মাংসে থাকা জীবাণুর সঙ্গে লড়াই করার ক্ষমতা তুলনামূলকভাবে কম।
সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—নিরাপত্তা। কাঁচা মাংসে থাকা জীবাণু ধ্বংস করার সবচেয়ে কার্যকর উপায় হলো তাপ। প্রায় ৭৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্না করলে অধিকাংশ ক্ষতিকর জীবাণু নষ্ট হয়ে যায়। তাই বিশেষজ্ঞরা সবসময় মাংস ভালোভাবে রান্না করে খাওয়ার পরামর্শ দেন।
সব মিলিয়ে বলা যায়, মানুষের শরীর, খাদ্যাভ্যাস এবং দীর্ঘ বিবর্তন প্রক্রিয়াই আমাদের কাঁচা মাংস খাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধ করে দিয়েছে। আর এই কারণেই প্রাণীরা যেটা সহজেই করতে পারে, সেটাই মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
প্রতি / এডি / শাআ













