গ্রিন টি নাকি লিকার চা: কার জন্য কোনটি বেশি উপকারী

প্রকাশঃ এপ্রিল ১৯, ২০২৬ সময়ঃ ১০:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২০ অপরাহ্ণ

ওজন কমানো থেকে শুরু করে হজমের সমস্যা কমানো—চা বেছে নেওয়া এখন অনেকটাই স্বাস্থ্য সচেতনতার অংশ হয়ে উঠেছে। আগে যেখানে দুধ-চিনি দেওয়া চা ছিল নিত্যসঙ্গী, এখন সেখানে অনেকেই ঝুঁকছেন চিনি ছাড়া লিকার চা বা গ্রিন টি-এর দিকে। তবে প্রশ্নটা থেকেই যায়—সবাই কি একই চা খেলে সমান উপকার পাবেন?

চা পানের অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। কিন্তু স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ নিজের প্রয়োজন বুঝে চা বেছে নিতে শুরু করেছেন। কেউ দ্রুত ওজন নিয়ন্ত্রণে রাখতে গ্রিন টি পান করছেন, আবার কেউ হজমের সমস্যায় লিকার চা বেছে নিচ্ছেন। আসলে দুই ধরনের চায়েরই রয়েছে আলাদা আলাদা উপকারিতা।

গ্রিন টি-তে থাকে শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট, বিশেষ করে ইজিসিজি (EGCG), যা শরীরের প্রদাহ কমাতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং লিভারের সুস্থতায় ভূমিকা রাখে। নিয়মিত গ্রিন টি পান করলে হজম প্রক্রিয়া উন্নত হতে পারে এবং অতিরিক্ত চর্বি কমাতেও সাহায্য করে।

অন্যদিকে লিকার চা-তেও রয়েছে পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড, যা রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সহায়তা করে। উচ্চ রক্তচাপ বা রক্তনালীর সমস্যায় ভুগলে চিনি ছাড়া লিকার চা উপকারী হতে পারে।

কোন সমস্যায় কোন চা?

হজমে গড়বড়, গ্যাস বা ডায়েরিয়ার মতো সমস্যায় অনেক ক্ষেত্রে লিকার চা বেশি কার্যকর হয়। এতে থাকা ট্যানিন অন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করে এবং হজমকে স্বাভাবিক রাখতে সহায়তা করে।

অন্যদিকে মানসিক চাপ বা দুশ্চিন্তা বেশি থাকলে গ্রিন টি উপকারী। এতে থাকা এল-থিয়েনিন নামের উপাদান মানসিক প্রশান্তি আনতে সাহায্য করে এবং স্ট্রেস কমাতে ভূমিকা রাখে।

ডায়াবিটিসে কোনটি ভালো?

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে গ্রিন টি বেশ কার্যকর। এটি ইনসুলিনের কাজকে সহায়তা করে এবং গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই ডায়াবিটিসে ভোগা ব্যক্তিদের জন্য গ্রিন টি সাধারণত ভালো বিকল্প।

কারা সতর্ক থাকবেন?

সবকিছুই যেমন সীমার মধ্যে ভালো, চায়ের ক্ষেত্রেও তাই। রক্তাল্পতায় ভুগলে লিকার চা কম খাওয়াই ভালো, কারণ এতে থাকা ট্যানিন আয়রন শোষণে বাধা দিতে পারে। বিশেষ করে খাবারের পরপরই এই চা এড়িয়ে চলা উচিত।

আবার অনিদ্রা বা হৃদস্পন্দন বেশি হলে কড়া লিকার চা না খেয়ে হালকা গ্রিন টি বেছে নেওয়া ভালো। তবে অতিরিক্ত গ্রিন টি-ও ক্ষতিকর হতে পারে—এতে লিভারের উপর চাপ পড়তে পারে এবং কিডনি সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

এ ছাড়া খালি পেটে গ্রিন টি বা লিকার চা—দুটোই এড়িয়ে চলা উচিত, বিশেষ করে যাঁদের অম্বল বা আলসারের সমস্যা রয়েছে। কারণ চা পাকস্থলীর অম্লতা বাড়াতে পারে।

সব মিলিয়ে, কোন চা বেশি ভালো—তার নির্দিষ্ট কোনো একক উত্তর নেই। নিজের শারীরিক অবস্থা ও প্রয়োজন বুঝে চা বেছে নিলেই মিলবে সবচেয়ে বেশি উপকার।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G