শিশু-কিশোরদের জন্য রহস্য, ইতিহাস আর রোমাঞ্চে ভরা নতুন চলচ্চিত্র ‘গুপ্তধনের খোঁজে’ নির্মাণ করছেন পরিচালক রাইসুল ইসলাম অনিক। রহস্যময় এক গুপ্তধনের সন্ধানকে কেন্দ্র করে এগোবে সিনেমার গল্প, যেখানে একদল কিশোর-কিশোরী জড়িয়ে পড়ে ঝুঁকিপূর্ণ এক অভিযানে।
নির্মাতা জানিয়েছেন, সিনেমাটিতে রহস্যের পাশাপাশি থাকবে ইতিহাসের নানা সূত্র, বন্ধুত্বের শক্তি, সাহসিকতা এবং রোমাঞ্চকর যাত্রার অভিজ্ঞতা। শিশুদের কল্পনাশক্তি ও অনুসন্ধিৎসু মনকে গুরুত্ব দিয়েই গল্পটি তৈরি করা হয়েছে।
সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর তন্ময় ফিয়ান, সৌহার্দ্য চৌধুরী, যায়ান মুহাম্মদ রুয়াইফি, তাহানি শামস নাওমি, ইরফান রহমান, সাইফ খান, নুসরাত আফরিন ইয়ুমনা, মনিরুল ইসলাম, নিশক তারেক আজিজ ও রুহনাজ নাওয়ার কাশফিসহ আরও অনেকে।
পরিচালক রাইসুল ইসলাম অনিক বলেন, বাংলাদেশের শিশু-কিশোর দর্শকদের জন্য মানসম্মত অ্যাডভেঞ্চারধর্মী চলচ্চিত্র খুব বেশি নির্মিত হয় না। সেই ভাবনা থেকেই সিনেমাটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, শুধু বিনোদন নয়, বরং ইতিহাস সম্পর্কে আগ্রহ, বন্ধুত্বের মূল্যবোধ ও সাহসিকতার বার্তাও তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ চলচ্চিত্রে।
সিনেমাটির প্রযোজক মডেল ও অভিনেতা অন্তু করিম। গল্পও লিখেছেন তিনি। চিত্রনাট্য করেছেন নিজাম ইউ খান, রাইসুল ইসলাম অনিক ও রাসিদুর রহমান।
প্রযোজক অন্তু করিম বলেন, দেশে শিশুতোষ চলচ্চিত্রের বড় সম্ভাবনা রয়েছে। নতুন প্রজন্ম যেন বাংলা ভাষায় এমন গল্প দেখতে পারে যা তাদের আনন্দ দেওয়ার পাশাপাশি অনুপ্রাণিত করবে, সেই লক্ষ্য থেকেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে।
‘গুপ্তধনের খোঁজে’ নির্মিত হয়েছে পেন্টাগন ফিল্মসের ব্যানারে। সহপ্রযোজক হিসেবে রয়েছে এমএস মাল্টিমিডিয়া। নির্মাতারা জানিয়েছেন, খুব শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, পরিচালক রাইসুল ইসলাম অনিক এর আগে ‘ইতি চিত্রা’ ও ‘বিশ্বাস করেন ভাই’ নামে দুটি চলচ্চিত্র নির্মাণ করেছেন।
প্রতি / এডি / শাআ