হরমুজ প্রণালিতে অস্থায়ী সামুদ্রিক করিডোর চালু করল ওমান

প্রকাশঃ জুন ২৪, ২০২৬ সময়ঃ ১০:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫০ অপরাহ্ণ

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবাণিজ্যিক পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে ওমান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক নৌপরিবহন নিরাপদ রাখা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ওমান নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এর সহযোগিতায় নতুন এ করিডোর চালু করা হয়েছে। এর মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো বিকল্প ও সুশৃঙ্খল রুট ব্যবহারের সুযোগ পাবে।

ওমান বলছে, বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য সরবরাহ ব্যবস্থায় হরমুজ প্রণালির গুরুত্ব বিবেচনায় নিয়ে কোনো অতিরিক্ত ফি ছাড়াই নৌ চলাচল অব্যাহত রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে করিডোর ব্যবহারকারী জাহাজগুলোকে আইএমও এবং সংশ্লিষ্ট ওমানি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করতে হবে।

এদিকে হরমুজ প্রণালি ব্যবহারকারী বিদেশি জাহাজের কাছ থেকে ইরানের সম্ভাব্য টোল আদায়ের প্রস্তাব নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্টভাবে জানিয়েছেন, আন্তর্জাতিক জলপথ ব্যবহারের জন্য কোনো রাষ্ট্রকে অন্য কোনো রাষ্ট্রের কাছে টোল দিতে বাধ্য করা যায় না। তার মতে, হরমুজ একটি আন্তর্জাতিক নৌপথ এবং এ ধরনের দাবি আন্তর্জাতিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সম্প্রতি মন্তব্য করেছেন যে, হরমুজ প্রণালির পরিস্থিতি আর আগের অবস্থায় ফিরবে না। তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে এ পথ ব্যবহারকারী বিদেশি বাণিজ্যিক জাহাজের ওপর নতুন নিয়ম বা অর্থনৈতিক শর্ত আরোপ করা হতে পারে।

গালিবাফের এই বক্তব্যের পরপরই ওয়াশিংটনের পক্ষ থেকে আবারও আপত্তি জানানো হয়। যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, আন্তর্জাতিক নৌপথে অবাধ চলাচল নিশ্চিত রাখতে হবে এবং কোনো একক দেশের আর্থিক দাবি সেখানে গ্রহণযোগ্য নয়।

পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালি বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি বাণিজ্যের উল্লেখযোগ্য অংশ পরিবাহিত হয়। ফলে এ অঞ্চলের যেকোনো সিদ্ধান্ত বা উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি প্রভাব ফেলতে পারে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G