কুমিল্লার রেস্টুরেন্টে শিশুকে রেখে চলে গেল বিদেশি দম্পতি
কুমিল্লার একটি রেস্টুরেন্টে নাস্তা শেষে ভুলবশত ছোট্ট এক শিশুকে রেখে চলে যায় একটি বিদেশি পরিবার। পরে বিষয়টি নজরে এলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ পুলিশকে জানায় এবং পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোস্তাফাপুর এলাকায় অবস্থিত জাইতুন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
কুমিল্লা দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রেস্টুরেন্টের মালিক লুৎফুর রহমান রিপন জানান, কাশ্মির থেকে আসা একটি পরিবার দুটি গাড়িতে করে রেস্টুরেন্টে নাস্তা করতে আসে। প্রায় ১৫ সদস্যের ওই দলটি খাবার শেষে চলে যাওয়ার সময় অসাবধানতাবশত দেড় থেকে দুই বছর বয়সী একটি শিশুকে সেখানে রেখেই চলে যায়। শিশুটি কথা বলতে পারে না। বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত স্থানীয় থানাকে অবহিত করেন।
পুলিশ জানায়, খবর পাওয়ার পর সমাজসেবা বিভাগের সহযোগিতায় পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা শিশুটিকে নিতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছেন। পরিবারের সদস্যরা পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে তাদের কাছে হস্তান্তর করা হবে।
সদর দক্ষিণ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীমা শারমিন বলেন, পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তবে তারা কোথা থেকে এসেছেন বা কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, তারা কাশ্মিরি।
প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটি নিরাপদে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ছিল এবং পরিবারের সদস্যদের অপেক্ষা করা হচ্ছিল।
প্রতি / এডি / শাআ













