দ্বিতীয় দফায় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির

প্রকাশঃ সেপ্টেম্বর ১১, ২০২৬ সময়ঃ ৯:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৯ অপরাহ্ণ

আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।

সভায় সরকারের বিরুদ্ধে জনগণের দেওয়া রায় উপেক্ষা এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তোলেন জামায়াত আমির। তিনি বলেন, জাতির কাছে সরকার যে অঙ্গীকার করেছিল, তা পালন করা হয়নি। জনগণের দেওয়া গণরায়কেও উপেক্ষা করা হয়েছে।

সংসদে বিভিন্ন বিল পাসের সময় জামায়াতের পক্ষ থেকে দেওয়া মতামতের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, কয়েকটি বিষয় ছাড়া তাদের দেওয়া মতামত সরকার গ্রহণ করেনি। ভোটের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে সেটিকে প্রতারণার সঙ্গে তুলনা করেন তিনি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গও আলোচনায় আনেন জামায়াত আমির। তিনি বলেন, তৎকালীন পাকিস্তানের শাসকগোষ্ঠী নির্বাচনের ফল মেনে না নেওয়ার কারণেই মুক্তিযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। একইভাবে জনগণের ভোটের রায় উপেক্ষা করা হলে সেটিও তারা মেনে নেবেন না বলে জানান তিনি।

দেশে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন ডা. শফিকুর রহমান। তার মতে, কাঙ্ক্ষিত সংস্কার কার্যকর করা গেলে ভবিষ্যতে কোনো সরকার স্বেচ্ছাচারিতার সুযোগ পাবে না। সরকার সংস্কার বাস্তবায়নে উদ্যোগী না হলেও জনগণের রায় থেকে তারা সরে যাবেন না বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের কর্মকাণ্ডের ক্ষেত্রে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে জামায়াত আমির বলেন, সরকার ভালো কোনো উদ্যোগ নিলে তারা তাতে সমর্থন দেবেন। অন্যদিকে কোনো কাজ জনগণের স্বার্থবিরোধী হলে তার বিরোধিতা করার পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলা হবে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি গঠনের বিষয়েও আপত্তি জানান তিনি। ডা. শফিকুর রহমানের অভিযোগ, র‌্যাবের কর্মকাণ্ডে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই তারা বাহিনীটি বিলুপ্ত করার দাবি জানিয়েছিলেন। কিন্তু পুরোনো সদস্য ও আগের কার্যক্রম বহাল রেখে শুধু নতুন নামে বাহিনী গঠন করা হয়েছে বলে তিনি দাবি করেন।

সম্পদ বণ্টন আইন নিয়েও সমালোচনা করেন জামায়াত আমির। তার অভিযোগ, কোরআনের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিকভাবে এই আইন করা হয়েছে। এ ধরনের পদক্ষেপ নিয়ে তিনি তীব্র আপত্তি প্রকাশ করেন।

মতবিনিময় সভায় এসব বক্তব্যের পাশাপাশি সরকারের বিভিন্ন উদ্যোগ, সংস্কার এবং সংসদীয় কার্যক্রম নিয়েও জামায়াতে ইসলামীর অবস্থান তুলে ধরেন ডা. শফিকুর রহমান।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G