রায় কার্যকরে অপেক্ষা করতে হবে

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ৪:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

mahbubমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন বলে জানিয়েছেন তার প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

কামারুজ্জামানের ম‍ৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌছানোর পর বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান ।

সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব বলেন, আপিল বিভাগ তার চূড়ান্ত রায়ে আসামিপক্ষকে রিভিউ ‍আবেদন কর‍ার জন্য ১৫ দিন সময় দিয়েছেন। আমরা স্পস্টভাবে বলছি, আমরা রিভিউ আবেদন করবো।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আমি ভেবে পাই না অ্যাটর্নি জেনারেল কীভাবে বক্তব্য দিতে পারলেন- রিভিউয়ের জন্য অপেক্ষা করতে হবে না। তার মৃত্যু পরোয়ানা পাঠিয়ে দেয়া হয়েছে, ফাঁসি দেয়া হবে।’

তিনি বলেন, ‘আপিল বিভাগ তার রায়ে বলেছেন, পূর্ণাঙ্গ রায় পাওয়ার ১৫ দিনের মধ্যে রিভিউ করা যাবে। তাহলে কী করে রিভিউয়ের ১৫ দিন সময় অতিক্রম হওয়ার আগে ফাঁসি কার্যকর হবে।’

খন্দকার মাহবুব বলেন, ‘এটা সম্পূর্ণ বেআইনি, খামখেয়ালী এবং আইন কর্মকর্তাদের অজ্ঞতা। তা না হলে তারা সরকারকে এভাবে পরামর্শ দিতে পারতেন না।’

সিনিয়র এই আইনজীবী বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই- আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী রায়ের সার্টিফাইড কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে আমরা রিভিউ করব।’

তিনি বলেন, ‘রিভিউয়ের পর তা নিষ্পত্তি হওয়ার পর সিদ্ধান্ত হবে যে, কীভাবে তা কার্যকর হবে। সেখানে মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি যাবজ্জীবন হবে। কিন্তু কোনো অবস্থাতেই রিভিউ আবেদন চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপিলের রায় কার্যকর যাবে না।’

খন্দকার মাহবুব বলেন, ‘যেই মুহূর্তে আমরা সার্টিফাইড কপি পাব, সেই মুহূর্ত থেকে আমরা ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন দাখিল করব। আমরা ইতোমধ্যেই সার্টিফাইড কপি পাওয়ার জন্য আবেদন করেছি। এখনও পাইনি।’

কামারুজ্জামানের এই আইনজীবী বলেন, ‘রিভিউ করার পর রিভিউ আবেদনের চূড়ান্ত শুনানি হবে, শুনানির পরে আবার তার রায় হবে, রায়ের পরে সেই রায় কার্যকর হবে।’

‘১৫ দিনের মধ্যে রিভিউ করা আমাদের আইনগত অধিকার’, যোগ করেন তিনি।

ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যু পরোয়ানা জারির বিষয়ে সিনিয়র এই আইনজীবী বলেন, ‘প্রচলিত আইন অনুযায়ী মৃত্যু পরোয়ানা জারি করাটা ঠিক আছে। কিন্তু আইনের বরখেলাপ করে মৃত্যু পরোয়ানা কার্যকর করতে পারবে না।’

তিনি বলেন, ‘রিভিউ নিষ্পত্তি করার পরও কামারুজ্জামানকে জিজ্ঞাসা করতে হবে যে, তিনি রাষ্ট্রপতির নিকট ক্ষমা চাইবেন কিনা? তিনি যদি ক্ষমা চাইতে রাজি হন, তাহলে রাষ্ট্রপতির নির্দেশনা না পাওয়া পর্যন্ত তা কার্যকর করা যাবে না।’

খন্দকার মাহবুব বলেন, ‘আইনে আছে ১৫ দিনের মধ্যে রিভিউ দাখিল করতে হবে। যদি ১৫ দিনের মধ্যে রিভিউ না করি তাহলে সাধারণভাবেই রায় কার্যকর হবে।’

প্রতিক্ষণ /এডি/মারুফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G