বাংলাদেশের ছবিতে এনা সাহা
নিজস্ব প্রতিবেদক
কলকাতার অভিনেত্রী এনা সাহা ‘দেহ দ্য ফিগার’ ছায়াছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন বাংলাদেশের চিত্রনায়ক সাইমন সাদিকের সাথে।ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার এ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। এনা অভিনয় জগতে পা রাখেন কলকাতার টিভি সিরিয়াল দিয়ে।তার করা প্রথম চলচ্চিত্র মালায়ালাম।
এছাড়া ‘বোঝে না সে বোঝে না’, ‘চিরদিনই তুমি যে আমার’, ‘বৃত্ত’, ‘রাজকাহিনী’,’আমি আদু’সহ বেশকিছু ছায়াছবিতে। এবার প্রথম তিনি আসছেন বাংলাদেশি সিনেমা হলের পর্দায়।
যৌথ প্রযোজনার এ ছবিতে এনার সঙ্গে জুটি বাঁধবেন সাইমন সাদিক বলে জানান পরিচালক সায়মন তারিক। তার সঙ্গে এটি যৌথভাবে পরিচালনা করবেন কলকাতার অরিন্দম শীল। তিনিই লিখেছেন গল্প। ছবিটির প্রেক্ষাপট কাঁটাতার। সীমান্তের চোরাচালান, হত্যা, অনিশ্চিত জীবন- এসবই উঠে আসবে গল্পে। যৌথভাবে চিত্রনাট্য তৈরি করেছেন দু’পরিচালক। কলকাতার ডিকে ফিল্মস, এবং ঢাকার নাম চূড়ান্ত না হওয়া নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান যৌথভাবে ছবিটি প্রযোজনা করবে বলে জানা গেছে।
জানা যায়, এ ছবিতে কলকাতার অনিকেও অভিনয়ে থাকবেন, সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশ থেকে নতুন একজন নায়িকা। তবে কে হবেন সেই নতুন নায়িকা সেটি এখনও চূড়ান্ত হয়নি। আগামী বছরের ২০ জানুয়ারি থেকে এর চিত্রায়ন শুরু হওয়ার কথা। দৃশ্যধারণ হবে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে।
প্রতিক্ষণ/এডি/জেডএমলি
























