গির্জার ফাদারের গলা কেটে হত্যার চেষ্টা

প্রকাশঃ অক্টোবর ৫, ২০১৫ সময়ঃ ২:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

pabnaপাবনার ঈশ্বরদীতে ব্যাপ্টিস্ট খ্রিস্টান মিশনের গির্জার ফাদার লুৎ সরকারকে (৫২) গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

সকাল নয়টার দিকে ঈশ্বরদী বিমানবন্দর রোডের বাসায় ঢুকে তাকে হত্যার চেষ্টা করা হয়। এ সময় তিনি পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল পাঠ করছিলেন।

বাড়ির মালিক মনিরুল ইসলাম জানান, সোমবার সকাল নয়টার দিকে তার বাড়ির ভাড়াটিয়া লুৎ সরকারের ড্রইংরুমে এ ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানান, তার গলায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

লুৎ সরকারের স্ত্রী পদ্মা সরকার জানান, তার স্বামী খ্রিস্টান মিশনের গির্জার ফাদারের দায়িত্ব পালনের পাশাপাশি হোমিও চিকিৎসক হিসেবে বাসায় প্র্যাকটিস করতেন। প্রতিদিন সকালে তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করতেন।

সোমবার সকালে একটি মোটরসাইকেলে (ঢাকা মেট্রো-ট ১১-৯০৫৪) করে তিন যুবক বাসায় এসে ধর্মগ্রন্থ পাঠ শোনার কথা বলে তাদের ড্রইংরুমে বসেন। তিনি পাশের ঘরে গেলে ওই তিন যুবক ভেতর থেকে দরজা বন্ধ করে তার স্বামীর গলায় ছুরিকাঘাত করেন।স্বামীর চিৎকার শুনে তাৎক্ষণিক তিনি অন্য দরজা দিয়ে ড্রইং রুমে গেলে ওই যুবকরা দৌঁড়ে পালিয়ে যান।

বাড়ির কেয়ারটেকার আজগর আলী বাংলানিউজকে জানান, ওই যুবকদের পেছনে ধাওয়া করে একজনকে জাপটে ধরেন তিনি। কিন্তু অন্য দু’জন তাকে ছাড়িয়ে নিয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যান।

সে সময় বাড়ির সামনে প্রচুর লোক জড়ো হলেও যুবকদের হাতে অস্ত্র থাকায় কেউ তাদের সামনে যাওয়ার সাহস করেননি বলে জানান স্থানীয়রা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পাবনার পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G