চবি: সাংবাদিকতা বিভাগের ইফতার ১০ জুলাই
জহির উদ্দিন মিশু

‘এসো আজি সুর মেলাই, প্রাণের সুরে, সম্মিলনের আনন্দে উদ্ভাসিত হই’– দীর্ঘদিন পর সহপাঠী ও সতীর্থদের কাছে পেয়ে আনন্দে মেতে উঠতে কার না মন চায়। কিন্তু নাগরিক জীবনের কর্মব্যস্ততার মাঝে এ সুযোগ সবসময় হয়ে উঠে না। তবে পবিত্র রমজান এলে এমনই মিলনমেলায় মেতে উঠেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। এবারও তার ব্যতিক্রম হবে না। ক্যাম্পাসের সোনালি দিন নিয়ে আলোচনা আর আড্ডায় মাতিয়ে রাখতে ভালোবাসার টানে আবারও একত্রিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা পরিবার। স্বল্প সময়ের জন্য হলেও তারা যেন ফিরে যেতে চায় পুরোনো সেই দিনগুলোতে। সেকারণে এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যেগে ১০ জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ( ডিআরইউ) এক ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় ওই ইফতার পার্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সকল প্রাক্তন শিক্ষার্থীকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ঢাকায় বসবাসরত সাবেক শিক্ষার্থীরা।

ইফতার পার্টির প্রধান সমন্বয়ক ও পৃষ্ঠপোষক যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী জসিম উদ্দিন খান মুঠোফোনে প্রতিক্ষণ ডটকমকে জানান, যোগাযোগ ও সাংবাদিকতা পরিবারের সকল শিক্ষার্থী ইফতার পার্টিতে যোগ দিয়ে আবারো এ আয়োজনকে মিলন মেলায় রুপ দেবে। পুরনো সেই সহপাঠী আর সতীর্থদের এক সাথে দেখে খুব ভালো লাগবে সবার।’
এছাড়া ইফতার ইফতার পার্টির সহ-সমন্বয়ক তন্ময় মজুমদার বলেন, “ প্রতি বছরই আমরা এ ইফতার পার্টির আয়োজন করে থাকি। প্রতিবারের মতো এবারও ইফতার পার্টিতে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সকল শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার জন্য বিভাগের সকল শিক্ষার্থীকে এই আমন্ত্রণ শেয়ার করার অনুরোধ রইলো। এ বিষয়ে স্বতঃস্ফূর্তভাবে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।’’
























