চলচ্চিত্রের গানে আবারও হাবিব-ন্যান্সি
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
সাম্প্রতিক বছরগুলোতে রোমান্টিক গানে সবচেয়ে সফল জুটি হিসেবে স্থান করে নিয়েছেন হাবিব ও ন্যান্সি।
‘তুমি আমার’ এই শিরোনামে আবারো জুটিবদ্ধ হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ ও ন্যান্সি।
১২ ফেব্রুয়ারি হাবিবের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
‘তুমি আমার’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ।
গানটি প্রসঙ্গে ছবির পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘পুরোপুরি রোমান্টিক ধাঁচের গান এটি। ছবির গল্পের সঙ্গে মিল রেখেই হাবিব ভাই গানটি তৈরি করেছেন। দুজনে গেয়েছেনও চমৎকার।’ হিমেল আশরাফ আরো জানান, ১৫ ফেব্রুয়ারি থেকে রাজবাড়ীতে ছবিটির শুটিং শুরু হবে। সেখানে এই গানটিরও দৃশ্য ধারণ করা হবে।
উল্লেখ্য, হিমেল আশরাফের প্রথম ছবি ‘সুলতানা বিবিয়ানা’। এতে অভিনয় করছেন বাপ্পী, আঁচল, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/অামিন
























