চিত্রনায়িকা মাহিকে বাদ দিল ‘জাজ’
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
শেষ পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে পুরোপুরি বাদ দেওয়া হলো চিত্রনায়িকা মাহিকে। জাজের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অগ্নি-২’ হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ব্যানারে মাহির শেষ সিনেমা।
সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ক্লিপই মাহিকে বাদ দেওয়ার মূল কারণ বলছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্যা খোকন বলেন, “ভিডিও স্ক্যান্ডালের জের ধরে গণমাধ্যমে এখন লেখালেখি হচ্ছে। আমরা সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাতারা তো অসুস্থধারার কোনো লোককে নিতে পারি না। এতদিন আমরা তাকে গড়ে দিয়েছি। যে কোনো জায়গায় গিয়েই সে এখন সিনেমাতে অভিনয় করতে সক্ষম।”
জাজের সিদ্ধান্তের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি মাহি। শুধু বলেছেন, “সবাই সবার জায়গা থেকে ভালো করুক।”
উল্লেখ্য, যৌথ প্রযোজনার সিনেমা ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ মুক্তির পর হঠাৎ মাহি ঘোষণা দিয়েছিলেন, তিনি আর সিনেমায় অভিনয় করবেন না। এখন তিনি টালিগঞ্জ তারকা ওমের বিপরীতে ‘অগ্নি-২’ সিনেমার শুটিং করছেন।
রাজশাহীর মেয়ে শারমিন আক্তার নিপা ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে মাহিয়া মাহি নামে আত্মপ্রকাশ করেন। ‘পোড়ামন’, ‘কি দারুণ দেখতে, ‘অন্যরকম ভালোবাসা’, ‘অগ্নি’, ‘অনেক সাধের ময়না’, ‘ওয়ার্নিং’-সহ ১২টি সিনেমা মুক্তি পেয়েছে তার, যার মধ্যে অধিকাংশই প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।
পরিবেশনা প্রতিষ্ঠানগুলোর সূত্র মতে, মাহি ছিলেন ২০১৪ সালের ‘সবচেয়ে ব্যবসাসফল নায়িকা’।
মাহিয়া মাহিকে বাদ দিয়ে জাজ এখন দুই নতুন মুখ নুসরাত ফারিয়া ও জোলিকে নিয়ে নতুনভাবে পরিকল্পনা করছে।
প্রতিক্ষণ/এডি/জহির
























