ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযান শেষ

প্রকাশঃ এপ্রিল ২২, ২০১৭ সময়ঃ ৬:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৭ অপরাহ্ণ

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে চালানো অভিযান ‘অপারেশন সাউথ–প’ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এই অভিযানে কাউকে গ্রেপ্তার করতে পারেননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ শনিবার বিকেল ৩টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে অভিযান সমাপ্ত ঘোষণা করেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) দিদার আহমেদ।

ব্রিফিংয়ে ডিআইজি জানান, জঙ্গি আবদুল্লাহ ওরফে প্রভাতের বাড়ি থেকে ২০ ড্রাম রাসায়নিক দ্রব্য, বিপুল পরিমাণ ইলেকট্রিক ডিভাইস, একটি বিদেশি পিস্তল, সাতটি গুলি, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, ওই বাড়িতে আবদুল্লাহ ছাড়াও পাঁচ থেকে ছয়জন প্রথম সারির জঙ্গির আসা-যাওয়া ছিল। বাড়িটি তাঁদের আস্তানা ছিল।

এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ঝিনাইদহের পোড়াহাটি গ্রামের ঠনঠনিপাড়ার টিনশেড বাড়িটি ঘিরে রাখা হয়। আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা থেকে আসা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী দলের সাত সদস্যের একটি দল বাড়িতে প্রবেশ করে। তাদের সঙ্গে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর চার শতাধিক সদস্য। বিদ্যুৎ বন্ধ করে চালানো হয় এই অভিযান। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে সার্বক্ষণিক অবস্থান করেছে।

অভিযানে নেতৃত্ব দেন খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ। তিনি সকাল ৮টা ৪০ মিনিটে সেখানে অবস্থান নিয়ে অভিযান তদারকি করেন। বেলা ১১টা ৪৫ মিনিটে একটি এবং কিছু সময় পরে আরো তিনটি বোমা নিষ্ক্রিয় করা হয়।

এর আগে গতকাল রাত ৮টা থেকে জারি করা ১৪৪ ধারা বিকেল ৩টার দিকে প্রত্যাহার করা হয় এবং বিদ্যুৎ চালু করা হয়েছে।

স্থানীয় চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ বলেন, সন্দেহভাজন জঙ্গি আবদুল্লাহর আগের নাম প্রভাত কুমার। তিনি তিন থেকে চার বছর আগে মুসলমান হয়েছেন স্থানীয় মসজিদের ইমামের হাত ধরে।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G