তিনবার মিলেছে ভবিষ্যদ্বাণী, এবারও জানালেন বিশ্বকাপজয়ীর নাম

প্রকাশঃ মে ২৫, ২০২৬ সময়ঃ ১১:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৩ অপরাহ্ণ

ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে ফুটবল বিশ্বে যখন চলছে নানা হিসাব-নিকাশ, তখন আবারও আলোচনায় উঠে এসেছেন জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। বিশেষ এক বিশ্লেষণী মডেলের মাধ্যমে টানা তিনটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে অনুমান করা এই গবেষক এবার ভবিষ্যদ্বাণী করেছেন, আগামী বিশ্বকাপ জিততে পারে নেদারল্যান্ডস।

Panmure Liberum–এর কর্মকর্তা ক্লেমেন্ট ২০১৪ সালে প্রথম তার পূর্বাভাসভিত্তিক মডেল তৈরি করেন। শুরুতে এটি ছিল অর্থনীতিবিদদের অতিরিক্ত বিশ্লেষণ প্রবণতা নিয়ে একটি মজার পরীক্ষা। তবে পরে সেই মডেলের পূর্বাভাস অনুযায়ীই ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্লেমেন্ট বলেন, শুরুতে বিষয়টি নিছক মজার ছলেই করেছিলেন। তবে পরপর তিনবার ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় এখন তার মডেলকে অনেকেই গুরুত্ব দিয়ে দেখছেন।

তার বিশ্লেষণ কেবল ফুটবল পারফরম্যান্সের ওপর নির্ভরশীল নয়। এতে অর্থনীতি, জনসংখ্যা, আবহাওয়া, ফুটবলের জনপ্রিয়তা, স্বাগতিক সুবিধা এবং ফিফা র‍্যাঙ্কিংসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়।

ক্লেমেন্টের মতে, শক্তিশালী অর্থনীতি উন্নত প্রশিক্ষণ অবকাঠামো গড়ে তুলতে সহায়তা করে। আবার বড় জনসংখ্যা মানে বেশি প্রতিভা খুঁজে পাওয়ার সুযোগ। পাশাপাশি আবহাওয়াও খেলোয়াড় তৈরিতে প্রভাব ফেলে। তার বিশ্লেষণে ফুটবলের জন্য সবচেয়ে উপযোগী গড় তাপমাত্রা ধরা হয়েছে প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।

এসব সূচকে নেদারল্যান্ডস বেশ এগিয়ে রয়েছে বলে দাবি করেন তিনি। দেশটির জনসংখ্যা, অর্থনৈতিক সক্ষমতা, ফুটবলের জনপ্রিয়তা এবং সাম্প্রতিক পারফরম্যান্সকে বড় শক্তি হিসেবে দেখানো হয়েছে। ক্লেমেন্টের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ থেকে ডাচরা অপরাজিত রয়েছে।

তার পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের ১৯ জুলাই MetLife Stadium–এ অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হতে পারে পর্তুগাল।

তবে ক্লেমেন্ট মনে করেন, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ভাগ্যের প্রভাবও অনেক বেশি। তার হিসাবে, একটি দলের সাফল্যের প্রায় ৪৫ শতাংশই নির্ভর করতে পারে সৌভাগ্যের ওপর।

অন্যদিকে আন্তর্জাতিক বাজিকরদের তালিকায় এখনো নেদারল্যান্ডস শীর্ষ ফেভারিট নয়। বর্তমান হিসাব অনুযায়ী সম্ভাব্য চ্যাম্পিয়নের তালিকায় এগিয়ে রয়েছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল ও আর্জেন্টিনা।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ‘এফ’ গ্রুপে খেলবে নেদারল্যান্ডস। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে জাপান, সুইডেন ও তিউনিসিয়া।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G