দিতির মস্তিষ্কে সফল অস্ত্রোপচার
বিনোদন ডেস্কঃ
ভারতের চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালে চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতির মস্তিষ্কের অস্ত্রোপচার সফল হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় সকাল ৭টায় এ অপারেশন শুরু হয়। ব্রেন টিউমারে আক্রান্ত দিতি গত ২৫ জুলাই চিকিৎসার জন্য এই হাসপাতালে ভর্তি হন।
বাংলাদেশ পরিচালক সমিতির মহাসচিব চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার ফেসবুকে নিজের স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর কাছে অনেক অনেক শোকর, সবার প্রিয় অভিনেত্রী দিতির অপারেশন সাকসেসফুল। আশা করি খুব শিগগির সে সুস্থ হয়ে উঠবে।’
অপারেশন শুরুর আগে দিতির মেয়ে লামিয়া চৌধুরী দিতির জন্য দোয়া চেয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। মা চিন্তামুক্ত আছেন। আপনারা শুধু দোয়া করবেন। অস্ত্রোপচার যেন ভালোভাবে সম্পন্ন হয়।’ অবশেষে জানা গেল, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
ঈদের আগে হঠাৎ করেই অসুস্থ বোধ করেন দিতি। এর পর প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাময়িক সুস্থ হলেও পরে আবার অসুস্থ হয়ে পড়েন। তখন উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতে নেওয়া হয়।
এখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রীর সঙ্গে রয়েছেন তার মেয়ে লামিয়া, কানাডাপ্রবাসী ছেলে দীপ্ত ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া
























