নরসিংদীতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘেরাও

প্রকাশঃ মে ২০, ২০১৭ সময়ঃ ৭:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৪ অপরাহ্ণ

ফাইল ছবি

নরসিংদীর গাবতলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। আজ শনিবার বিকালে র‌্যাব-১১ এর একটি দল বাড়িটি ঘিরে ফেলে।

র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেক উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ‘জঙ্গি সন্দেহে ঐ বাড়িটি আমরা বিকাল চারটা থেকে ঘিরে রেখেছি। আমরা সন্দেহ করছি, বাড়িটিতে জঙ্গি রয়েছে। ঢাকা থেকে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর অধিনায়ক ঘটনাস্থলে আসছেন। তারা আসার পর অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ভেতরে কারা ও কত জন আছে তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।’

এদিকে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, ‘জঙ্গি আস্তানা সন্দেহে আমরা ঘণ্টা দুয়েক ধরে শহরের পাশের গাবতলী এলাকায় একটি নির্মাণাধীন ভবন ঘিরে রেখেছি। ভবনটির নিচতলায় সন্দেহভাজন জঙ্গিরা রয়েছে বলে আমরা ধারণা করছি। আমাদের একটি দল এ মুহূর্তে ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। আমিও নারায়ণগঞ্জ থেকে নরসিংদীর পথে রওনা হয়েছি। ঘটনাস্থলে র‌্যাবের আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন। তাদের উপস্থিতির পর অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ‘অভিযানটি র‌্যাবের। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের পুলিশ সদস্যরাও সেখানে রয়েছে।’

এলাকাবাসী জানান, কয়েক মাস আগে বাড়িটি ভাড়া নেয় সন্দেহভাজনরা। এটি এক প্রবাসীর দুইতলা নির্মাণাধীন বাড়ি। বাড়ির মালিকের নাম মাঈনুদ্দীন। তবে তার পরিবার গ্রামে থাকেন। বাড়িটির নিচতলার কাজ শেষ হলে কয়েক মাস আগে তা ভাড়া দেওয়া হয়। তবে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের ব্যাপারে গণমাধ্যমকে এখনও কোনো তথ্য দেননি আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G