না.গঞ্জে ৭ খুন মামলার শুনানি ১১ মে

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৬:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

7 murderনারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার পরবর্তী শুনানির দিন ১১ মে ধার্য করেছেন আদালত।

আজ বুধবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামের আদালত এ তারিখ ঘোষণা করেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩০ জনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন এবং ১১ মে শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

এ সময় বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার তদন্ত কর্মকর্তাকে দ্রুত অভিযোগপত্র জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।

সাত খুনের ঘটনায় এ পর্যন্ত সাবেক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাসহ ১৯ র‍্যাব সদস্য ও আরো ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ১৯ র‍্যাব সদস্যের মধ্যে ১৮ জন হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন।

মামলার ১৮ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়ার পরও তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র জমা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন।এ সময় তিনি ভারতে গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত প্রধান আসামি নূর হোসেনকে দেশে আনার দাবি জানান।

শুনানিতে আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকলেও সরকারপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ফজলুল হক উপস্থিত ছিলেন।

গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম তাঁর বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন।

পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও আইনজীবী চন্দন সরকারের মেয়ের জামাই বিজয় কুমার পাল বাদী হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি মামলা করেন।

প্রতিক্ষণ /এডি/রিয়াজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G