প্রথমবার খুব কাছ থেকে দেখা গেল পৃথিবীর ‘মিনি মুন’
পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ হলেও বিজ্ঞানীদের কাছে বহুদিন ধরেই পরিচিত আরেকটি মহাজাগতিক বস্তু রয়েছে, যাকে অনেকে ‘মিনি মুন’ বা পৃথিবীর ছোট চাঁদ বলে উল্লেখ করেন। সম্প্রতি প্রথমবারের মতো এই বস্তুটির একেবারে কাছাকাছি পৌঁছে এর বিস্তারিত ছবি তুলতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা।
তবে নামের সঙ্গে ‘মিনি মুন’ থাকলেও এটি পৃথিবীর দ্বিতীয় চাঁদ নয়। এটি আসলে কামোওয়ালেওয়া (Kamoʻoalewa) নামের একটি ক্ষুদ্র গ্রহাণু, যা সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়। বিশেষ কক্ষপথের কারণে এটি দীর্ঘ সময় পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবে থাকে। এ কারণেই একে ‘কোয়াজি স্যাটেলাইট’ বা আধা-উপগ্রহ বলা হয়।
প্রায় ১০০ মিটার আকারের এই গ্রহাণুটির পৃষ্ঠ অত্যন্ত অসমান ও পাথুরে। সম্প্রতি চীনের মহাকাশযান তিয়ানওয়েন-২ অভিযানের সময় এর খুব কাছ দিয়ে অতিক্রম করে। এক পর্যায়ে মহাকাশযানটির সঙ্গে কামোওয়ালেওয়ার দূরত্ব নেমে আসে মাত্র ২০ কিলোমিটারে।
এ সুযোগে মহাকাশযানটি গ্রহাণুটির উচ্চমানের বেশ কিছু ছবি ধারণ করে, যা বিজ্ঞানীদের হাতে এর সবচেয়ে কাছ থেকে তোলা প্রথম ছবি হিসেবে বিবেচিত হচ্ছে। এসব ছবি বিশ্লেষণের মাধ্যমে কামোওয়ালেওয়ার গঠন, উৎপত্তি এবং বৈশিষ্ট্য সম্পর্কে নতুন তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন গবেষকরা।
বিজ্ঞানীরা জানান, কামোওয়ালেওয়া পৃথিবীকে প্রদক্ষিণ করে না, তাই এটিকে পৃথিবীর প্রকৃত উপগ্রহ বলা যায় না। তবে পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবে বিশেষ ধরনের কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে ঘোরার কারণে এটি ‘আধা-উপগ্রহ’ বা ‘কোয়াজি স্যাটেলাইট’ হিসেবে পরিচিত।
মিনি মুনের এত কাছ থেকে ধারণ করা এই ছবিগুলো প্রকাশের পর বিশ্বের মহাকাশবিজ্ঞানী ও গবেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাদের ধারণা, ভবিষ্যৎ গবেষণায় এই ক্ষুদ্র গ্রহাণু সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানা সম্ভব হবে।
প্রতি / এডি / শাআ













