বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে স্বস্তির খবর, কমতে পারে স্বত্বমূল্য

প্রথম প্রকাশঃ মে ৩১, ২০২৬ সময়ঃ ১১:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১২ অপরাহ্ণ

বাংলাদেশে আগামী ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই কাটতে শুরু করেছে। সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতার মধ্যে নতুন সম্ভাবনা তৈরি হওয়ায় দেশের দর্শকদের জন্য ইতিবাচক বার্তা মিলেছে।

জানা গেছে, বাংলাদেশের জন্য বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব পাওয়া সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক তাদের চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। ফলে স্থানীয় সম্প্রচার প্রতিষ্ঠানগুলো এখন সরাসরি ফিফার সঙ্গে নতুন করে আলোচনা করার সুযোগ পাচ্ছে।

স্প্রিংবকের প্রধান নির্বাহী গোপাল পাডিয়া গণমাধ্যমকে জানান, বাংলাদেশে নির্ধারিতভাবে স্বত্ব বিক্রি সম্ভব না হওয়ায় তারা চুক্তি বাতিল করেছে। এর আগে কয়েক মিলিয়ন ডলারের একটি চুক্তির মাধ্যমে তারা স্বত্ব নিয়েছিল বলে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় ফিফা ওই চুক্তি বাতিল করে। এর ফলে নতুন করে বাজার পরিস্থিতি বিবেচনায় স্বত্বমূল্য কমানোর বিষয়ে নমনীয় অবস্থানে গেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

বর্তমানে বাংলাদেশের কয়েকটি সম্প্রচারমাধ্যম যৌথভাবে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নেওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে। এ ক্ষেত্রে টি স্পোর্টস ও স্টার নিউজের অংশীদারিত্বে একটি উদ্যোগের কথাও সামনে এসেছে। পাশাপাশি দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার বিষয়েও আলোচনা চলছে।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশের বাজার পরিস্থিতি বিবেচনায় ফিফা আগের তুলনায় কম মূল্যে স্বত্ব দেওয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। এখন উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত আলোচনা চলছে।

এদিকে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের মাধ্যমে বিশ্বকাপ দেখানোর জন্য বিনামূল্যে সম্প্রচার স্বত্ব চাইলেও ফিফা সেই প্রস্তাবে সম্মতি দেয়নি। সংস্থাটি জানিয়েছে, সম্প্রচার স্বত্ব থেকে অর্জিত অর্থের একটি অংশ বিভিন্ন দেশের ফুটবল উন্নয়নে ব্যয় করা হয়, তাই বিনা মূল্যে স্বত্ব দেওয়া সম্ভব নয়।

শুধু বাংলাদেশ নয়, ভারত ও চীনের মতো বড় বাজারেও সম্প্রচার স্বত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে ইতোমধ্যে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের সঙ্গে ফিফা নতুন সম্প্রচার চুক্তি সম্পন্ন করেছে।

ভারতেও বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, এশিয়ার গুরুত্বপূর্ণ বাজারগুলো ধরে রাখতে ফিফা এবার তুলনামূলক নমনীয় বাণিজ্যিক কৌশল অনুসরণ করছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বশেষ

সর্বাধিক পঠিত

20G