বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ফিফার বিরুদ্ধে বিলিয়ন ডলারের মামলা ইরানের

প্রথম প্রকাশঃ জুলাই ৪, ২০২৬ সময়ঃ ৯:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৩ অপরাহ্ণ

বিশ্বকাপে ইরানের বিদায়কে ঘিরে নতুন বিতর্কের জন্ম হয়েছে। ম্যাচ পরিচালনা, ভিএআরের সিদ্ধান্ত এবং ইরানি দলের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করা হয়েছে।

মামলাটি যুক্তরাষ্ট্রের বোস্টনের একটি ফেডারেল আদালতে দায়ের করেছেন ইরানি-আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক লতফুল্লাহ কাভেহ আফ্রাসিয়াবি। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের পারমাণবিক আলোচনা দলের সরকারি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মামলায় ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ সংস্থাটির কয়েকজন কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, প্রায় ৯১ মিলিয়ন ইরানি ও ইরানি-আমেরিকান সমর্থকের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে এবং তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বিতর্কের কেন্দ্র সেই ম্যাচ

মামলার মূল বিষয়বস্তু ২৬ জুন অনুষ্ঠিত ইরান ও মিশরের ম্যাচ। ১-১ গোলে শেষ হওয়া ওই ম্যাচে ভিএআর পর্যালোচনার পর অফসাইডের অজুহাতে ইরানের একটি গোল বাতিল করা হয়। ওই সিদ্ধান্তের ফলে মিশর নকআউট পর্বে জায়গা করে নেয়, আর বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় ইরানকে।

আফ্রাসিয়াবির দাবি, ভিএআরের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ভুল এবং এর পক্ষে শক্ত প্রমাণ রয়েছে। তার অভিযোগ, ইরানকে জয় থেকে বঞ্চিত করতেই বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মামলায় ফিফার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ, দ্বৈত মানদণ্ড এবং বৈষম্যের অভিযোগও আনা হয়েছে।

দলের ওপর বাড়তি চাপের অভিযোগ

মাঠের সিদ্ধান্তের পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ চলাকালে ইরান দলের ওপর আরোপিত বিভিন্ন বিধিনিষেধও মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, দলকে নির্ধারিত স্থানে রাতযাপনের অনুমতি না দেওয়া, প্রশিক্ষণ ক্যাম্প টুকসন থেকে টিহুয়ানায় সরিয়ে নেওয়া এবং দলের ১১ জন কর্মকর্তার ভিসা প্রত্যাখ্যানের মতো ঘটনাগুলো ইরানি দলের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

আফ্রাসিয়াবির ভাষ্য, এসব পদক্ষেপ ইচ্ছাকৃতভাবে দল ও সমর্থকদের ভোগান্তিতে ফেলেছে এবং ফিফা সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

ক্ষতিপূরণের অর্থ যাবে যুব ক্রীড়ায়

মামলায় জয়ী হলে ক্ষতিপূরণ হিসেবে পাওয়া অর্থের একটি বড় অংশ ইরানের যুব ক্রীড়া উন্নয়ন কর্মসূচিতে ব্যয় করার পরিকল্পনার কথাও জানিয়েছেন আফ্রাসিয়াবি।

এদিকে আলোচিত এই মামলার বিষয়ে এখন পর্যন্ত ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বশেষ

সর্বাধিক পঠিত

20G