মাত্রাতিরিক্ত ব্যায়ামে রক্তদূষণ!
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
মাত্রাতিরিক্ত ব্যায়াম করলে রক্তদূষিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন অষ্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির একদল গবেষক। সম্প্রতি ২৪ ঘণ্টার ম্যারাথন দৌড়, কয়েক ধাপের আল্ট্রা ম্যারাথন দৌড়, ধারাবাহিকভাবে কয়েক দিনের দৌড়ে অংশগ্রহণকারীদের পর্যবেক্ষণ করে এ মতামত ব্যক্ত করেছেন তারা।
গবেষকদের প্রধান অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির রিকার্ডো কস্টা বলেন, “ইভেন্টগুলো অংশগ্রহণের আগে ও পরে অংশগ্রহণকারীদের রক্তের নমুণা সংগ্রহ করা হয়। কন্ট্রোল গ্রুপের সঙ্গে নমুণাগুলোকে তুলনা করে দেখা গেছে, দীর্ঘসময় ধরে ব্যায়াম করার ফলে অন্ত্রের দেয়ালে পরিবর্তন আসে। যার কারণে ‘এন্ডোটক্সিনস’ নামে পরিচিত অন্ত্রে স্বাভাবিকভাবে উপস্থিত ব্যাকটেরিয়াগুলো বের হয়ে রক্তে মিশে যায়। এর কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার স্বাভাবিক প্রদাহজনিত প্রতিক্রিয়া চালু হয়, যা গুরুতর প্রদাহের মতোই।”
রক্তে অতিরিক্ত মাত্রায় এন্ডোটক্সিন থাকার কারণে শরীরের প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়ার তুলনায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতিক্রিয়ার মাত্রা বেড়ে যেতে পারে। অবস্থা তীব্র হলে, এ থেকে পচনজনিত প্রদাহ প্রতিক্রিয়ার লক্ষণ দেখা যায়, যা দ্রুত সনাক্ত ও চিকিৎসা করা না হলে মারাত্বক আকার ধারণ করতে পারে।
উল্লেখযোগ্যভাবে এই গবেষণায় আরও দেখা যায়, যারা সুঠাম ও সুস্বাস্থ্যের অধিকারী এবং একটি স্থির প্রশিক্ষণ অনুসরণ করে ক্রমে চরম সহনশীলতা ভিত্তিক ইভেন্টে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নেন, তারা এই সমস্যার বিপরীত রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন, কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।
তবে যারা গরম পরিবেশে এবং কম প্রশিক্ষণ নিয়ে এধরনের চরম সহনশীলতা ভিত্তিক ইভেন্টে অংশগ্রহণ করেন, তাদের শরীরে প্রতিরক্ষামূলক ব্যবস্থার ক্ষমতার তুলনায় অতিরিক্ত ধকল যায়।
এই ধরনের ইভেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে প্রথমেই স্বাস্থ্য পরীক্ষা করা এবং নিজেকে আগেই তৈরি করে নেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা।
প্রতিক্ষণ/এডি/পাভেল






















