যে কারণে প্রথম এসি তৈরি হয়েছিল, যা জানলে অবাক হবেন আপনিও
বর্তমান সময়ে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে এয়ার কন্ডিশনার (এসি) অনেক বাড়ি, অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অপরিহার্য যন্ত্রে পরিণত হয়েছে। তবে অবাক করার মতো বিষয় হলো, এই প্রযুক্তি শুরুতে মানুষের আরাম নিশ্চিত করার জন্য তৈরি করা হয়নি। এর আবিষ্কারের মূল উদ্দেশ্য ছিল শিল্পকারখানার একটি জটিল সমস্যা সমাধান করা।
১৯০২ সালে যুক্তরাষ্ট্রের তরুণ প্রকৌশলী উইলিস ক্যারিয়ার মাত্র ২৫ বছর বয়সে আধুনিক বৈদ্যুতিক এয়ার কন্ডিশনার উদ্ভাবন করেন। সে সময় নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত একটি লিথোগ্রাফিক ছাপাখানায় অতিরিক্ত তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতার কারণে মুদ্রণকাজ ব্যাহত হচ্ছিল। কাগজের আকার বারবার পরিবর্তিত হওয়ায় বহু রঙে ছাপার সময় কালি ঠিকমতো মিলত না এবং মানসম্মত প্রিন্ট তৈরি করা কঠিন হয়ে পড়ত।
এই সমস্যা সমাধানের জন্য ক্যারিয়ার এমন একটি ব্যবস্থা তৈরি করেন, যা একই সঙ্গে বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারত। তার উদ্ভাবিত যন্ত্রে ধাতব কয়েলের ভেতর দিয়ে ঠান্ডা পানি প্রবাহিত করা হতো। এরপর ফ্যানের সাহায্যে আর্দ্র বাতাস সেই কয়েলের ওপর দিয়ে প্রবাহিত করলে বাতাস ঠান্ডা ও শুষ্ক হয়ে যেত। এর ফলে কাগজের আকার স্থির থাকত এবং ছাপার কালি সঠিকভাবে শুকিয়ে উন্নত মানের মুদ্রণ সম্ভব হতো।
পরে তিনি তার এই উদ্ভাবনের পেটেন্ট নেন ‘Apparatus for Treating Air’ নামে। তবে আবিষ্কারের পর দীর্ঘ সময় পর্যন্ত এ প্রযুক্তি সাধারণ মানুষের ব্যবহারের জন্য ছিল না। মূলত বস্ত্র, তামাক, ফিল্ম এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে আর্দ্রতা নিয়ন্ত্রণের কাজে এটি ব্যবহৃত হতো।
সময়ের সঙ্গে প্রযুক্তিটির ব্যবহার আরও বিস্তৃত হয়। ১৯২০-এর দশক থেকে সিনেমা হল, ডিপার্টমেন্টাল স্টোর, সরকারি ভবনসহ বিভিন্ন জনসমাগমস্থলে এসি স্থাপন শুরু হয়। পরে এটি ধীরে ধীরে আবাসিক ভবন ও অফিসে ছড়িয়ে পড়ে এবং আজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আরামদায়ক প্রযুক্তিতে পরিণত হয়েছে।
বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনে এসি স্বস্তির প্রতীক হলেও এর ইতিহাস জানায়, এই যন্ত্রের জন্ম হয়েছিল মূলত একটি ছাপাখানার উৎপাদন সমস্যা দূর করার উদ্দেশ্যে, মানুষের গরম থেকে আরাম দেওয়ার জন্য নয়।
প্রতি / এডি / শাআ













