রাবির অধ্যাপক রেজাউলের খুনীদের ফাঁসি দাবি

প্রকাশঃ এপ্রিল ২৩, ২০১৭ সময়ঃ ৩:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৮ অপরাহ্ণ

তানভীর অনিক, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের দ্রুত বিচার শেষ করে ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার হত্যার এক বছর পূর্তিতে রাবি শিক্ষক সমিতি ও ইংরেজি বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম শান্তনুর সঞ্চালনায় মানববন্ধনে সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্ বলেন, রেজাউল স্যার হত্যাকাণ্ড মামলার একটি চার্জশিট দিতে দেখেছি। কিন্তু চূড়ান্ত পরিণতিতে বিচারকার্য এগিয়ে নিতে দেখি না। মামলায় যে অগ্রগতি হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা খুনিদের ফাঁসি চাই।

মানববন্ধনে ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক মাসউদ আখতার বলেন, এই সমাজে যে বর্বরতা, নৃশংসতা ও অসহিষ্ণুতার সংস্কৃতি শক্তিশালী রূপ ধারণ করেছে, তা থেকে আমাদের মুক্তি পেতে হলে আমাদের সমাজ চেতনা ও ব্যক্তি চেতনায় ইতিবাচক রূপান্তর ঘটাতে হবে।

শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি জঙ্গি হামলা হয়েছে এবং তাদের হামলায় সব থেকে বেশি শিক্ষক মারা গেছেন। নিয়মিত বিরতিতে এই শিক্ষক হত্যা বন্ধ করতে চাই।

মানববন্ধনে পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান বক্তব্য দেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে র্যা লি বের করেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। র্যা লি শেষে মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে সমাবেশ করেন তারা। সমাবেশে ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ, ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক মাসউদ আখতারসহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এছাড়া বেলা সাড়ে ১২টায় দোষীদের বিচারের আওতায় এনে বিচারকার্য দ্রুত শেষ করতে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারকে স্মারকলিপি প্রদান করে ইংরেজি বিভাগ। এদিন বিকেলে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসার অদূরে কুপিয়ে হত্যা করা হয় অধ্যাপক রেজাউলকে। ঐ দিন বিকেলে ঐ শিক্ষককের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা করেন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G