শাহরুখের বিরুদ্ধে ‘সমন’
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘন ও অর্থ পাচারের অভিযোগে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিরুদ্ধে সমন জারি করছেন।
শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সের শেয়ার বেচার জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংস্থার সূত্রে জানা গেছে। কিন্তু শাহরুখ খানের একান্ত সূত্র দাবি করেছে, তারা এখনও ইডি-র নোটিশ পাননি, তবে কলকাতা নাইট রাইডার্সকে সমন পাঠানো হলে দলের পক্ষ থেকেই বিষয়টির জবাব দেওয়া হবে। খবর বিবিসি’র।
উল্লেখ্য যে, এ মামলাটি বেশ পুরনো। ২০১০-১১ সাল থেকেই ই.ডি. বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং সেখানে অভিযোগ ছিল, কলকাতা নাইট রাইডার্সের শেয়ার মরিশাসের একটি বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে আসল দামের চেয়ে অনেক কমে এবং এর মাধ্যমে অন্তত ১০০ কোটি রুপির সমান মূল্যের বৈদেশিক মুদ্রা পাচার করা হয়েছে।
কোটি কোটি ডলারের আইপিএল লীগে ক্রিকেটার কেনাবেচার নামে মরিশাস-সহ বিভিন্ন ট্যাক্স হাভেন থেকে ভারতে অবৈধভাবে অর্থ পাচার হচ্ছে। এই অভিযোগেও চার বছর আগে মুম্বাইতে শাহরুখ খানকে জেরা করা হয়েছিল। আয়কর দফতরের অফিসাররা তল্লাসি চালিয়েছিলেন কেকেআর দফতরেও।
তবে এবার শুধু শাহরুখ নন, নোটিশ পাঠানো হয়েছে কলকাতা নাইট রাউডার্সের সহ-মালিক শাহরুখ খানের স্ত্রী গৌরী খান, চিত্রতারকা জুহি চাওলা ও তার স্বামী জয় মেহতাকেও।
ইডি সূত্র থেকে জানা যায়, চলতি মাসের শেষেই তারা শাহরুখ খানকে মুম্বাইয়ে সংস্থার দফতরে সব কাগজপত্র নিয়ে হাজির হতে নির্দেশ দিয়েছেন।
























