সকালের নাস্তা না খাওয়ার ক্ষতিকর দিক

প্রকাশঃ মার্চ ৭, ২০১৬ সময়ঃ ৩:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

breakfast

ওজন কমিয়ে স্লিম হওয়ার জন্য অনেকেই সকালের নাস্তা বাদ দেন। ভাবেন সকালের নাস্তা না খেয়ে একেবারে দুপুরে খেলে একবেলা কম খাওয়া হয় যা ওজন কমাতে সাহায্য করবে। তবে এটা নিতান্তই ভুল ধারণা। সকালের নাস্তা না খেলে আপনি যা ভাবছেন তার উল্টো প্রতিক্রিয়া হয়। তার মানে হচ্ছে সকালের নাস্তা বাদ দিলে আপনি মুটিয়ে যাবেন। চলুন আজ জেনে নিই সকালের নাস্তা বাদ দিলে কী কী ক্ষতি হয়-

১. ওজন বৃদ্ধি করে

যারা সকালের নাস্তা বাদ দেন তাদের ওজন বৃদ্ধির সুযোগ তৈরি হয়। সকালের নাস্তা না খেলে চিনি ও চর্বি যুক্ত খাদ্য গ্রহণের উৎসাহ বৃদ্ধি পায়। সেই সাথে তীব্র ক্ষুধা পায় বলে সারাদিনে আপনি যা-ই পান তা-ই খেতে থাকেন। ক্ষুধা যত বৃদ্ধি পাবে, সেই সাথে খাদ্য গ্রহণের পরিমাণও বৃদ্ধি পাবে। যা আপনার প্রতিদিনের ক্যালরি গ্রহণের মাত্রাও ছাড়িয়ে যায়। তাই নিয়মিত সকালের নাস্তা বাদ দিলে ওজন কমার বদলে ওজন বৃদ্ধিই পাবে।

২. চুল পড়া বৃদ্ধি করে

খাবারে প্রোটিনের পরিমাণ কম হলে কেরাটিনের স্তরকে প্রভাবিত করে যা চুলের বৃদ্ধিকে প্রতিহত করে এবং চুল পড়া বৃদ্ধি করে। ব্রেকফাস্ট সারাদিনের এমন একটি খাবার যা হেয়ার ফলিকল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যদি আপনি উজ্জ্বল ও শক্তিশালী চুল চান তাহলে প্রোটিন সমৃদ্ধ সকালের নাস্তা খান।

৩. হৃদপিণ্ডের জন্য ক্ষতিকর

জামা নামক জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে জানা যায় যে, যে সমস্ত ছেলেরা সকালের নাস্তা বাদ দেন তাদের মধ্যে ২৭ শতাংশের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকিতে থাকেন। এই গবেষণার নেতৃত্ব দেন ড. লিয়া চাহিল। তিনি বলেন, এই ঝুঁকির হার নিয়ে খুব বেশি চিন্তান্বিত হওয়ার কিছু নেই। তবে তিনি এটাও সমর্থন করেন যে, স্বাস্থ্যকর নাস্তা হৃদরোগের ঝুঁকি কমায়। যারা সকালের নাস্তা এড়িয়ে যান তাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এবং ধমনীতে রক্ত চলাচল বাধাগ্রস্থ হয়। এর ফলশ্রুতিতে স্ট্রোকও হতে পারে।     

৪. টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ পাবলিক হেলথ একটি গবেষণা পরিচালনা করে স্বাস্থ্য ও খাদ্যাভ্যাসের পারস্পরিক সম্পর্ক নিয়ে। ৪৬,২৮৯ জন মহিলার উপর এই গবেষণাটি পরিচালনা করা হয় ৬ বছর যাবত। গবেষণার ফলাফল অনুযায়ী, যে সকল মহিলারা নিয়মিত সকালের নাস্তা খান তাদের তুলনায় যারা নাস্তা খান না তাদের টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। আরো খারাপ দিক হচ্ছে, যে সকল কর্মজীবী মহিলারা সকালের নাস্তা বাদ দেন তাদের ৫৪ শতাংশের টাইপ ২ ডায়াবেটিস হওয়ার সুযোগ তৈরি হয়।

৫. মুড ও এনার্জিলেভেল এর উপর বিরূপ প্রভাব পড়ে

১৯৯৯ সালে সাইকোলজিক্যাল জার্নালে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে জানা যায় যে, সকালের নাস্তা এড়িয়ে গেলে মেজাজ ও এনার্জির উপর নেতিবাচক প্রভাব পড়ে। এই গবেষণায় ১৪৪ জন স্বাস্থ্যবান মানুষকে ৩টি গ্রুপে ভাগ করা হয়। একটি দলকে স্বাস্থ্যসম্মত পরিমিত ব্রেকফাস্ট দেয়া হয়, দ্বিতীয় দলকে শুধুমাত্র কফি দেয়া হয় এবং তৃতীয় দলটিকে কোন নাস্তা দেয়া হয়নি। দেখা যায় যে, যে গ্রুপটিকে সকালের নাস্তা দেয়া হয়নি তাদের স্মৃতির দক্ষতা নিম্নতম পর্যায়ে চলে যায় এবং তাদের ক্লান্তিবোধের স্তর উচ্চতর পর্যায়ের হয়। অন্য দুই দলের মধ্যে তেমন তাৎপর্যপূর্ণ কোন পরিবর্তন লক্ষ করা যায় না। ২০১৩ এর আগস্টে “ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশন” এর একটি প্রতিবেদনে বলা হয়, যখন আপনি নাস্তা না করেন তখন আপনার এনার্জি কমে যায় এবং শারীরিক কর্মক্ষমতার স্তর ও কমতে থাকে।  

৬. অন্যান্য

সকালের নাস্তা বাদ দিলে আরো কিছু সমস্যা হতে পারে। যেমনঃ ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে, ধীশক্তি কমে যায়, মাথা ব্যথা হতে পারে, বিপাকের উপর প্রভাব পড়ে, মাইগ্রেন হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং হাইপোগ্লাইসেমিয়া হতে পারে।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G