সকালে বানানো রুটি রাতেও থাকবে একদম নরম, জেনে নিন ৬ সহজ কৌশল

প্রকাশঃ মে ১৩, ২০২৬ সময়ঃ ১০:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০০ অপরাহ্ণ

রুটি আমাদের প্রতিদিনের খাবারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তবে অনেকেরই অভিযোগ, রুটি বানানোর কিছু সময় পরই শক্ত হয়ে যায়। বিশেষ করে সকালে তৈরি করা রুটি দুপুর বা রাতে খেতে গেলে তা শক্ত ও শুকনো লাগে। এতে খাওয়ার স্বাদ যেমন কমে যায়, তেমনি চিবাতেও অসুবিধা হয়।

রুটি দীর্ঘসময় নরম ও তুলতুলে রাখতে হলে শুধু ভালো আটা হলেই হবে না, আটা মাখা থেকে শুরু করে রুটি সংরক্ষণ পর্যন্ত কয়েকটি বিষয় ঠিকভাবে মানতে হবে। সামান্য কিছু কৌশল অনুসরণ করলে রুটি ৫-৬ ঘণ্টা পরেও নরম ও তাজা রাখা সম্ভব।

গরম পানি দিয়ে আটা মাখুন

অনেকেই সাধারণ বা ঠান্ডা পানি দিয়ে আটা মাখেন। কিন্তু নরম রুটি তৈরির জন্য হালকা গরম পানি ব্যবহার করা বেশি কার্যকর। গরম পানি আটার ভেতরের স্টার্চকে নরম করে এবং ডোকে আরও মসৃণ হতে সাহায্য করে। এর ফলে রুটি সেঁকার পর সহজে শুকিয়ে যায় না এবং দীর্ঘসময় কোমল থাকে।

দুধ বা ক্রিম মেশাতে পারেন

আটা মাখার সময় অল্প গরম দুধ বা ১-২ চামচ তাজা ক্রিম মেশালে রুটি আরও নরম হয়। দুধের ফ্যাট আটার আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এতে রুটি সহজে শক্ত হয় না এবং ফুলেও ভালো।

আটা মেখে কিছুক্ষণ ঢেকে রাখুন

আটা মাখার পর সঙ্গে সঙ্গে রুটি না বানিয়ে অন্তত ৩০ মিনিট ঢেকে রাখা ভালো। এতে আটার গ্লুটেন স্বাভাবিকভাবে নরম হয় এবং রুটি বেশি ইলাস্টিক হয়। ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখলে আর্দ্রতা বজায় থাকে।

বেশি আঁচে দ্রুত সেঁকুন

কম আঁচে ধীরে ধীরে রুটি সেঁকলে ভেতরের আর্দ্রতা দ্রুত বের হয়ে যায়। তাই মাঝারি থেকে একটু বেশি আঁচে দ্রুত রুটি সেঁকলে তা ভালোভাবে ফুলে ওঠে এবং ভেতরে নরমভাব বজায় থাকে।

ঘি বা তেল মাখাতে পারেন

রুটি নামানোর পর হালকা ঘি বা তেল মাখিয়ে নিলে তা দীর্ঘসময় শুকিয়ে যায় না। পাশাপাশি স্বাদও আরও ভালো লাগে।

সঠিকভাবে সংরক্ষণ জরুরি

গরম রুটি সরাসরি স্টিলের পাত্রে রাখলে নিচের অংশ ভিজে যেতে পারে। তাই রুটি রাখার আগে পাত্রে একটি পরিষ্কার সুতির কাপড় বা টিস্যু বিছিয়ে নিন। এরপর রুটিগুলো কাপড়ে মুড়ে ঢেকে রাখুন। এতে অতিরিক্ত বাষ্প শোষিত হবে এবং রুটি দীর্ঘসময় নরম থাকবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G