হাইকোর্টের নিষেধাজ্ঞায় ‘রানা প্লাজা’
নিজস্ব প্রতিবেদক
সাভারের রানা প্লাজার পোশাককর্মী রেশমাকে ১৭ দিন পর উদ্ধারের ঘটনায় নির্মিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’র প্রদর্শনী ও সম্প্রচারের উপর ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। রানা প্লাজার জন্য সেন্সর বোর্ডের দেয়া সনদের কার্যকারিতাও স্থগিত করা হয়েছে।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমাবার হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
এই আদেশের ফলে আগামী ৪ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি সিনেমা হলে প্রদর্শন বা কোনো মাধ্যমে সম্প্রচার করা যবে না বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মো. মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।
শামীম আক্তার প্রযোজিত ও নজরুল ইসলাম খান পরিচালিত ‘রানা প্লাজা’ চলচ্চিত্রের দৈর্ঘ্য ২ ঘণ্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড।
বিভিন্ন দৃশ্যের কারণে এ চলচ্চিত্রের ছাড়পত্র দীর্ঘদিন আটকে থাকলেও শেষ পর্যন্ত গত ১৬ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ‘রানা প্লাজা’ চলচ্চিত্রকে সনদপত্র দেয়। ওই চলচিত্রের সনদ ও সম্প্রচার স্থগিত চেয়ে গার্মেন্টস মালিক পক্ষ রিট আবেদন করেন হাইকোর্টে । ওই আবেদন শুনানির পর এই আদেশ দেন আদালত।
প্রতিক্ষণ/এডি/তাফ
























