কালার্স চ্যানেলের সাথে শাহরুখের তিক্ততা
বিনোদন ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
বলিউড কিং খান শাহরুখ সিদ্ধান্ত নিয়েছেন কালার্স চ্যানেলের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্কই ছিন্ন করবেন। ইতিমধ্যে চ্যানেল কর্তপক্ষকে সে কথা জানিয়েও দিয়েছেন । খবর হিন্দুস্থান টাইমস।
এ তিক্ততার প্রধান কারণ কমেডি নাইট অনুষ্ঠানের কপিল শর্মা। শাহরুখ তার আগামী অনুষ্ঠান ‘ইন্ডিয়া পুছেগা সবসে সায়না কউন’ অনুষ্ঠানের ফিনালে পর্বের জন্য কপিলকে চেয়েছিলেন। ২৫ ফেব্রুয়ারি শুটিংয়ের জন্য রাজিও হয়ে যান কপিল। কিন্তু কালার্স চ্যানেলের তরফ থেকে জানানো হয় প্রতিপক্ষ চ্যানেল অ্যান্ড টিভির জন্য তারা চ্যানেলের স্টার কপিল শর্মাকে ছাড়তে চায় না। কিন্তু এখন কালার্স চ্যানেল এই কথাকে সম্পূর্ণ অস্বীকার করে বলছে, শাহরুখের অনুষ্ঠানে কপিল অংশ নেবেন কী নেবেন না তা সম্পূর্ণ কপিলের সিদ্ধান্ত। চ্যানেলের তরফে কোনও বাধ্যবাধকতা নেই। কালার্স চ্যানেলের এই আচরণে ক্ষুব্ধ হন কপিল। হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষৎকারে কপিল বলেন, শাহরুখ ভাইয়ের টিম আমাকে শুটিংয়ের কথা বললে আমি রাজি হয়ে যাই। ২৫ তারিখ আমি মিকার সঙ্গে শুটিং করার জন্য প্রস্তুত ছিলাম। শাহরুখ খান আমার অনুষ্ঠানে কতবার এসেছেন, আমার অনুষ্ঠানকে উচ্চমাত্রা দিয়েছেন উনি। আমি কি করে ওনাকে না করি? নিজের পক্ষে যুক্তি দিতে গিয়ে কপিল বলেন, আমাকে চানেলের তরফে বলা হয়, আমি প্রতিপক্ষ চ্যানেলের জন্য শুটিং করতে পারব না, যেহেতু অনুষ্ঠানটি নতুন। এখন চ্যানেল আমার ঘাড়ে দোষ চাপাচ্ছে। এই ঘটনায় আমি মর্মাহত।
এদিকে কপিলের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন শাহরুখ। চ্যানেলের সঙ্গে একেবারে যুদ্ধে নেমে পড়েছেন শাহরুখ। চ্যানেলের সঙ্গে মনোমালিন্য হওয়ায় বন্ধু ফারহার অনুষ্ঠান ফারহা কী দাওয়াত-এও অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। গোটা ঘটনাটা বেশ জটিল হচ্ছে বুঝতে পেরে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে কালার্স। শাহরুখের সঙ্গে দুরত্ব ঘোচাতে এখন তারা শাহরুখের শোতে কপিলের কাজ করার ছাড়পত্র দিয়েছে। শাহরুখকে এবিষয়ে জানানো হলেও অভিনেতা সেই প্রস্তাব প্রত্যাহার করেছেন। এবং এই বার্তাও পরিস্কার করে দিয়েছেন যে আগামী দিনে নিজের কোনও অনুষ্ঠান বা প্রচার নিয়ে কালার্সের সঙ্গে হাত মেলাবেন না তিনি।
প্রতিক্ষণ/এডি/পাভেল
























