এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষতি হলে দায় ২০-দলের

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৫ সময়ঃ ৩:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

eduministerসারাদেশে পহেলা এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে নাশকতায় কোনো পরীক্ষার্থীর ক্ষতি হলে তার দায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিবৃতিতে মন্ত্রী বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই- দেশের কোনো স্থানে আমাদের একজন পরীক্ষার্থীরও যদি কোনো ধরণের ক্ষতি হয়, তার দায়দায়িত্ব আপনাদেরকেই বহন করতে হবে। মানুষ আপনাদের ক্ষমা করবে না।’

তিনি বলেন, ‘পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের দাবি, মতামত ও পরামর্শের প্রতি সম্মান দেখিয়ে আমরা যে কোনো পরিস্থিতিতে রুটিনমাফিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এর কোনো ব্যত্যয় হবে না।’

পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ‘সর্বাত্মক’ নজরদারি থাকবে বলেও মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ইতিবাচক দৃষ্টিভঙ্গিসম্পন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য, সাধারণ জনগণ তোমাদের পাশে আছে। তোমরা নিশ্চিন্ত মনে পরীক্ষা দেবে।’

তিনি বলেন,‘আমি হরতাল-অবরোধ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী জোটের প্রতি আহবান জানাচ্ছি পরীক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে দিন। দয়া করে কোনো হটকারী ঘটনা ঘটাবেন না।’

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের সারা দেশে টানা অবরোধ ও এর পাশাপাশি দেয়া হরতালের কারনে চলতি এসএসসি ও সমমানের সবগুলো পরীক্ষা পেছাতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়।

পরীক্ষাগুলো নেওয়া হয় ছুটির দিনে, শুক্র ও শনিবার। তবে এ ধরনের রাজনৈতিক কর্মসূচির কারণে যে এইচএসসি পরীক্ষা পেছানো হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসছেন ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী। ১ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত এইচএসসি ও সমমানে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা হবে। আর ব্যবহারিক পরীক্ষা হবে ১৩ জুন থেকে ২২ জুন।

প্রতিক্ষণ/এডি/আরিফ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G