রাবিতে স্টুডেন্টস ক্লাবের যাত্রা শুরু
রাবি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্টুডেন্টস ক্লাব অব ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট এর যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্লাবের উদ্বোধন করেন অর্থ মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বেগম আখতার জাহান এমপি।
বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক জয়ন্তী রানী বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক ড. মিজানউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক নীলুফার সুলতানা, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগের কৃতি শিক্ষার্থী কামরুন্নাহার (বিসিএস, পুলিশ), আবদুল্লাহ আল মাহমুদ (বিসিএস, প্রশাসন)।
এসময় বক্তারা বলেন, স্টুডেন্টস ক্লাব শিক্ষার্থীদের জন্য একটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তাদের পেশাগত মানোন্নয়নে বিভিন্ন ধরনের কর্মকান্ড পরিচালনার সুযোগ পাবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের সাম্প্রতিক উন্নয়ন বিষয়ে সম্যক ধারণা নেওয়ার পাশাপাশি প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কসপ, মুক্ত আলোচনার মতো বিষয়গুলোর চর্চাও করতে পারে বলে জানান বক্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিভাগের শিক্ষার্থী কাজী আয়তুল কুরশী ঐশী।
অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন কৃতী ছাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ এবং সহকারী পুলিশ সুপার মোছা. কামরুন্নাহারকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
ক্লাবের আহ্বায়ক ও বিভাগের সহকারী অধ্যাপক উজ্জল হোসেন স্টুডেন্টস ক্লাব সম্পর্কে বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ গ্রন্থাগার ও তথ্য পেশাজীবী হিসেবে তৈরি করার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করাই হবে এই ক্লাবের উদ্দেশ্য।
এছাড়া মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করাসহ ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা স্টুডেন্টস ক্লাবের অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।
প্রতিক্ষণ/এডি/রাশেদ রিন্টু/আরেফিন
























