শুটিংয়েই ব্যস্ত জেরিন
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
দিন দিন অভিনয়ে ব্যস্ত হয়ে ওঠছেন টেলিভিশন নাটকের নতুন মূখ তাসনিয়া মেহজাবিন জেরিন। প্রায় দুই বছর আগে ওশান গ্রুপের টিভিসি, ডকুমেন্টরি ও ইভেন্টে কাজ শুরু করলেও এখন পুরোপুরি নাটকে সময় দিচ্ছেন।
ইতোমধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে তার অভিনীত চারটি নাটক। প্রচারের অপেক্ষায় আছে দু’টি টেলিফিল্ম। অভিনয় করছেন ঈদের একাধিক খন্ড নাটকসহ দুটি ধারাবাহিক নাটকে। শীঘ্রই অভিনয় শুরু করবেন সালাউদ্দীন লাভলুর পরিচালনায় ধারাবাহিক নাটক ‘খড়কুটো’তে।
জেরিন প্রতিক্ষণকে বলেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই সালাহউদ্দীন লাভলুর পরিচালনায় ধারাবাহিক নাটক ‘খড়কুটো’তে কাজ শুর করব। লাভলু ভাইয়ের সাথে এ বিষয়ে সব চুড়ান্ত হয়েছে। এ মুহুর্তে ঢাকার বাইরে শুটিং করছি ‘গায়ক মহব্বত আলী’ শিরোনামের ঈদের একটি নাটকে। এটি পরিচালনা করছেন ইমাম রিপন।
জেরিন অভিনীত প্রথম নাটক ‘যোগ্য পাত্রীর বর সংকট’ প্রচারিত হয় গত কুরবানীর ঈদে। এটি পরিচালনা করেন ইজাবি রাসেল। এর পর ইভান রেহানের ‘দার কাক’, মাছরাঙায় প্রচারিত হয় আমিরুল ইসলাম অরুণের ‘অর্কিড’, এবং গত রবীন্দ্রজয়ন্তীতে আর টিভিতে প্রচারিত হয় সুমন আনোয়ার পরিচালিত ‘বরিবার’।
জেরিন বলেন, নাটকগুলোর প্রধান চরিত্রে অভিনয় না করলেও সিনিয়র অভিনয় শিল্পীদের সাথে কাজ করেছি। অভিনয় করার সময় তাদের অনেক সহযোগীতা পেয়েছি। সিনিয়র শিল্পীদের সাথে কাজ করলে অভিনয় শেখা যায়।
বিজয় টেলিভিশনের ‘সাত কন্যা’ ও এটিএন বাংলার ‘ছক্কা পাঞ্জা’ নামের দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন জেরিন। প্রচারের অপেক্ষায় আছে শাহাদাত হোসেনের ‘স্বপ্নজাল’ ও সুসময় সুমনের ‘সে তোমাকে ভালোবাসে’ শিরোনামের দু’টি টেলিফিল্ম।
এদিকে নাটক টেলিফিল্ম ছাড়াও বিজ্ঞাপনেও মডেল হয়ে কাজ করছেন জেরিন। সম্প্রতি মিজু ক্রিয়েশনের ব্যানারে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বিভিন্ন ফ্যাশন হাউজের মডেল রুপে দেখা গেছে তাকে। মেডিকেলের ছাত্রী জেরিন পড়ালেখার পাশাপাশি একজন প্রতিষ্ঠিত অভিনয় শিল্পী হতে চান।
প্রতিক্ষণ/এডি/এম-আর/আরেফিন
























