রাবিতে প্রাক বাজেট আলোচনা
রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে প্রাক বাজেট আলোচনা ২০১৫-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মমতাজউদ্দিন কলাভবনে মোশাররফ হোসেন গ্যালারিতে এ সভা অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি প্রফেসর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
`উন্নয়নের আঞ্চলিক অগ্রাধিকার’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন অর্থনীতি বিভাগের প্রফেসর এ এন কে নোমান। প্রবন্ধে তিনি বলেন, অর্থনৈতিক কর্মকান্ডের ধারাবাহিক বিস্তৃতি বৃহৎ জনগোষ্ঠীর এই ছোট দেশকে একটি বড় ও সাম্প্রতিক সময়ের স্থিতিশীল অর্থনীতির দেশে রূপান্তরিত করেছে। অভ্যন্তরীন অর্থনীতির ভিত্তি সুসংহতকরণ এবং অতিদ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক অর্থনৈতিক মানচিত্রে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার জন্য সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও বাজেটে এর প্রতিফলন অতি জরুরী। গতানুগতিক বাজেট প্রণয়নের বাইরে এসে নেতৃত্বমূলক বাজেট প্রদান করলে এই অপার সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব।
উত্তরাঞ্চলের কৃষি খাতের উন্নয়নের জন্য অবকাঠামো নির্মাণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, কৃষি পণ্য বিপণন ব্যবস্থা ও পণ্যের নায্যমূল্য নিশ্চিতকরণ, কৃষি ভিত্তিক শিল্প স্থাপনে ও প্রয়োজনীয় মানব সম্পদ উন্নয়নে বিশেষ বরাদ্দেরও দাবী জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিবেচনা করলে দেশের সকল অঞ্চলের মধ্যে জাতীয় সম্পদ সুষমভাবে বণ্টন ও উন্নয়নে ব্যয় হওয়া বাঞ্ছনীয়।
প্রতিক্ষণ/এডি/নুর/বাদল
























