প্রিপারেটরি স্কুল বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
রাজধানীর মোহাম্মদপুরে প্রিপারেটরি স্কুলের প্রথম শ্রেণি ও পঞ্চম শ্রেণির ২ ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় আগামি ২৫ মে পর্যন্ত স্কুলটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানি উপদেষ্টা ড. ম তামিম স্কুল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অবহেলার কারণে উপাধ্যক্ষ জিনাতুন নেছাকে দায়িত্ব থেকে অব্যাহতি ও যৌন নিপীড়নের সঙ্গে জড়িত দুই কর্মচারীকে বরখাস্তও করা হয়েছে। এছাড়া বালিকা শাখায় কর্মচারীদের মধ্যে তিনজন পুরুষ সুইপারের সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, যৌন নিপীড়নের ঘটনায় অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। তদন্ত কমিটিতে ওই শিক্ষার্থীর অভিভাবকরাও রয়েছেন।
উল্লেখ্য, গত ৫ মে এই বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের একটি কক্ষে স্কুলের ক্যান্টিন বয়রা প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির চেষ্টা করে। এ ব্যাপারে ৯ মে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন ওই ছাত্রীর মা। এ ছাড়া ৬ মে স্কুলটির পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলের নিম্নশ্রেণীর কর্মচারীরা যৌন হয়রানির চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনা জানাজানি হলে অভিভাবকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়।
প্রতিক্ষণ/এডি/কেয়া
























