রোহিঙ্গাদের আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র
প্রতিক্ষণ ডেস্ক
রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনে আর্থিক সহযোগিতা দেয়ার পাশাপাশি, আশ্রয় দেয়ারও আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে, আন্দামান সাগরে ভাসমান অভিবাসীদের সন্ধান ও উদ্ধারে মালয়েশীয় নৌবাহিনী ও কোস্টাগার্ডকে অভিযানে নামার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। অভিবাসী সঙ্কট সমাধানে আগামী সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠেয় আঞ্চলিক বৈঠকে যোগ দিতে রাজি হয়েছে মিয়ানমার।
গত কয়েকদিনে ইন্দোনেশিয়া উপকূলের কাছে জেলেদের সহযোগিতায় অভিবাসী বহনকারী দু’টি নৌকার প্রায় ১১’শ শরণার্থীকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে অনেক নৌযান। উদ্ধার হওয়া অভিবাসীদের দেয়া তথ্য অনুযায়ী, আন্দামান সাগরে এখনো নৌকায় ভাসছে ৬ হাজারেরও বেশি মানুষ।
বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, আসন্ন বর্ষাকালে সমুদ্রে সম্ভাব্য জলোচ্ছাসের কারণে ভয়াবহ পরিণতির ঝুঁকিতে নিখোঁজ অভিবাসীরা।
এ অবস্থায়, যে কোনো মূল্যে অভিবাসীদের জীবন রক্ষাকে প্রাধান্য দেয়ার কথা জানালেন মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাক। বৃহস্পতিবার তিনি সাগরে ভাসমান অভিবাসন-প্রত্যাশীদের খোঁজে উদ্ধার অভিযান শুরুর জন্য মালয়েশিয়ার নৌবাহিনী ও কোস্টগার্ডকে নির্দেশ দেন।
এদিকে, যারা উদ্ধার হয়ে তীরে পৌঁছেছেন তারাও মানবেতর জীবন যাপন করছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরে। এদের অনেকের স্বজনই নৌকায় মানবপাচার চক্রের লোকজনের হাতে নিহত হয়েছেন কিংবা খাদ্য নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে প্রাণ হারিয়েছেন।
দরিদ্রতার কবল থেকে বাঁচতে ভিনদেশে পাড়ি জমানোর ব্যর্থ চেষ্টায় নেমে চরম নির্মমতার শিকার হয়েছে তারা
বুধবার ইন্দোনেশীয় জেলেদের প্রচেষ্টায় উদ্ধার হওয়া প্রায় ৪শ’ বাংলাদেশি ও রোহিঙ্গাকে আচেহ প্রদেশের কুতা বিনজে এলাকায় রাখা হয়েছে। তাদেরকে খাদ্য ও চিকিৎসা সহায়তা দিচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে ৩ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়া হয়েছে বলে জানায় জাকার্তা।
দক্ষিণ এশীয় অভিবাসী সঙ্কট সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টায় অগ্রণী ভূমিকা পালন করার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। অভিবাসীদের পুনর্বাসনে সংশ্লিষ্ট দেশগুলোকে আর্থিক সহায়তা দেয়ার পাশাপাশি, খোদ যুক্তরাষ্ট্রে রোহিঙ্গাদের আশ্রয় দিতে আগ্রহী বলে জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর






















