কেন বিবাহ করা উচিত হইবে না!
নিজস্ব প্রতিবেদক:
এর আগেও মোশাররফ করিম ও ফারহানা মিলি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। আসছে ঈদ উপলক্ষে আবারও জুটি হলেন মোশাররফ করিম ও ফারহানা মিলি। ঈদ উপলক্ষে নির্মিত ‘কেন বিবাহ করা উচিত হইবে না’ নাটকে একসঙ্গে দেখা যাবে তাদের। কাজী শাহেদুল ইসলাম রচনায় নাটকটি পরিচালনা করেছেন মারুফ মিঠু।
সম্প্রতি উত্তরায় নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। এর গল্প গড়ে উঠেছে ব্যাচেলর জীবন ও বিয়ের বিড়ম্বনা নিয়ে। এতে দেখা যাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর চিরকুমার এক তরুণের জীবন এলোমেলো হয়ে যায়। ঘটে অনেক ঘটনা। ঈদে নাটকটি এনটিভিতে প্রচার হবে।
এদিকে একই পরিচালকের নির্দেশনায় বাংলাভিশনে মোশাররফ করিম ও ফারহানা মিলির ধারাবাহিক ‘তিনি আসবেন’ নিয়মিত প্রচার হচ্ছে। এছাড়া ফারহানা মিলি অভিনীত, মাজহারুল ইসলাম পরিচালিত ধারাবাহিক ‘একজন মায়াবতী’ চ্যানেল আইতে এবং বাশার জর্জিশ পরিচালিত ‘উজান গাঙ্গের নাইয়া-সিরিজ টু’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হচ্ছে।
অন্যদিকে মোশাররফ করিম শেষ করেছেন তৌকীর আহমেদের নির্দেশনায় ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রের কাজ। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়িকা নিপুণ। এছাড়া আসছে ঈদ উপলক্ষে তিনি শেষ করেছেন সাগর জাহানের নির্দেশনায় সিক্যুয়াল নাটক ‘সিকান্দার বক্স এখন রাঙ্গামাটি’ এবং ‘নাসির গ্যাং ০০৯’ নাটকের কাজ।
























