নতুন আইফোনের উৎপাদন শুরু
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
মার্কিন টেক জায়ান্ট অ্যাপল খুব শিগগিরই আইফোনের নতুন মডেল উৎপাদন শুরু করতে যাচ্ছে।নতুন আইফোনেও থাকবে অ্যাপল ওয়াচের মতো ‘ফোর্স টাচ’ ফিচার।
ব্যবসা-বাণিজ্যভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ আগেভাগেই এক প্রতিবেদনে আইফোনের উৎপাদন শুরু হওয়ার এই খবর জানিয়েছে । প্রতিবেদন অনুযায়ী, নতুন আইফোনেরও থাকবে দুটি মডেল। একটিতে হবে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, অপরটিতে হবে ৪.৭ ইঞ্চি ডিসপ্লে। তবে স্মার্টফোনগুলোর বাহ্যিক ডিজাইনে তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না।
ব্লুমবার্গ সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলেছেন, নতুন দুই আইফোনের উৎপাদনের গতি আরও বাড়ানো হবে জুলাই মাস থেকে। তবে ডিভাইসগুলো নির্মাণ কাজ সময়মতো শেষ হবে কি না তা নির্ভর করবে ডিভাইসের ডিসপ্লের চাহিদা ও সরবরাহের উপর।
অ্যাপল নিজেদের সব ডিভাইসে ‘ফোর্স টাচ’ প্রযুক্তি যোগ করছে অ্যাপল ওয়াচ উন্মোচনের পর থেকেই।এই ফিচার রেটিনা ম্যাকবুক এবং রেটিনা ম্যাকবুক প্রোতেও যোগ হয়েছে ।ফোর্স টাচ প্রযুক্তি ডিসপ্লে বা ট্র্যাকপ্যাডে ব্যবহারকারী কতো জোড়ে চাপ দিচ্ছেন তা চিহ্নিত করতে পারে ।
ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বর মাসে বরাবরের মতো অ্যাপল এবারও আইফোনের নতুন মডেল উন্মোচন করবে। প্রযুক্তি পণ্যের বাজারে ডিভাইসগুলো নিয়ে এর মধ্যেই ছড়িয়ে পরেছে নানা গুজব।
প্রতিক্ষণ/এডি/জুয়েল
























