বড় পর্দায় আসিফ ও হাবিবুল বাশার
বিনোদন ডেস্ক
এবার বড় পর্দায় দেখা যাবে গায়ক আসিফ আকবরকে। অনেক গান গেয়েছেন বড় পর্দার জন্য কিন্তু এবার শুধু গান নয় বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন আসিফ আকবরকে। সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ ছবিতে দেখা যাবে তাকে।
তার দীর্ঘদিনের বন্ধু জাতীয় দলের সাবেক অধিনায়ক বর্তমানে নির্বাচক হাবিবুল বাশার সুমনও আছেন এতে। আজ সোমবার রাজধানীতে এর দৃশ্যায়ন হচ্ছে।
ছবিটির গল্প ক্রিকেট এবং ক্রিকেটারের প্রেমকে কেন্দ্র করে।
তবে ছবিতে অভিনয় করা সম্পর্কে আসিফ তার ফেসবুকে বলেছেন, ‘এ ঘটনাটা আমার বিগত ইতিহাসের সঙ্গে যাচ্ছে না! কাছের মানুষদের অত্যাচারে রাজি হয়ে গেলাম। কেউ অনুগ্রহ করে ভাববেন না আমি অভিনেতা হতে যাচ্ছি। গল্পের প্রয়োজনে যেতে বাধ্য হচ্ছি।’
ছবিতে আসিফ ও হাবিবুল বাশারের ভূমিকা থাকবে ক্রিকেট বিশ্লেষক হিসেবে, তবে টেলিভিশনের পর্দায়। তার সঙ্গে থাকছেন সাংবাদিক জ.ই. মামুন। তার মুখোমুখি হয়েই মূলত বাংলাদেশের ক্রিকেট খেলা বিশ্লেষণ করবেন ওই দু’জন।
‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ ছবিতে আসিফের গাওয়া একটি গানও রয়েছে। এতে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, ইমন, ওমর সানি, মৌসুমী হামিদ, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ
























